দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে এই দুই কার্গো এলএনজি আনতে ব্যয় হবে ৯৮৭ কোটি ৩৩ লাখ টাকা।
মঙ্গলবার (১২আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এদিকে, একই বৈঠকে আগামী ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন বই তুলে দিতে ৪ কোটির বেশি বই ক্রয়ের দরপ্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
পেট্রোবাংলা থেকে এই ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান দর দাখিল করে। দাখিল করা ৬টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এই এক কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ১১.৯৭ মার্কিন ডলার। এতে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
জানা গেছে, পেট্রোবাংলা থেকে এই ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দাখিল করা ৩টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের পেট্রোকেমিক্যাল ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড থেকে এই এক কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ১১.৯০ মার্কিন ডলার। এতে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকা।
বই কেনার দরপ্রস্তাব অনুমোদন: আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১টি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এই পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।
এই পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের জন্য অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবষের্র জন্য প্রাথমিক স্তরের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির) ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
এই ৯৬টি লটে মোট ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক রয়েছে। এই পাঠ্যপুস্তকগুলোর জন্য মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা। প্রতি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ধরা হয়েছে ৪৯ টাকা ৬৮ পয়সা।
জানা গেছে, সব শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির) বাংলা ও ইংরেজি ভার্সনের ৯৮টি লটে পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ১৮২টি দরপত্র জমা পড়ে।
এর মধ্যে ১৭৬টি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষ টিইসি ৯৮টি লটের বিপরীতে ৯৬টি লটে সুপারিশ করা যোগ্য সর্বনিম্ন দরদাতা ৫৬টি মুদ্রণ প্রতিষ্ঠানের কাছ থেকে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকায় ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তার প্রেক্ষিতে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দিয়েছে।
সূত্রটি জানায়, ৯৮টি লটের মধ্যে ২টি লটের দরপত্র একক দরদাতা থাকায় ও উভয় দরপত্রে দরদাতা প্রতিষ্ঠান অযোগ্য বিবেচিত হওয়ায় ৯৬টি লটের সুপারিশ করা হয়।