কবিতা : সংকল্প
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।
সংকল্প, বদ্ধ, যুগান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে।
উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা
সংকল্প: ভালো কাজ করার জন্য দৃঢ়সংকল্প থাকা দরকার।
বদ্ধ: আলো-বাতাস ঢোকে না, এমন বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যকর নয়।
কীসের নেশায়: আকমল কীসের নেশায় এমন ছোটাছুটি করছে?
বরণ: পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই।
মরণ-যন্ত্রণা: যারা সাহসী, তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।
ডুবুরি: ডুবুরি মেঘনা নদীর তলদেশে নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছেন।
দুঃসাহসী: দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।
চন্দ্রলোক: মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা শুরু করছে।
অচিনপুর: দাদু আমাকে অচিনপুরের রাজকন্যার গল্প শুনিয়েছেন।
ফেড়ে: কাঠুরে কুড়াল দিয়ে কাঠ ফেড়ে ফেলল।
প্রশ্ন: কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?
উত্তর: অজানাকে জানার, অদেখাকে দেখার কৌতূহল মানুষের সব সময়। কবিও এর ব্যতিক্রম নন। তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। কারণ, তিনি জগতের সমস্ত রহস্য জানতে চান। তিনি জানতে চান, সারা বিশ্বের মানুষ যুগ যুগ ধরে কীভাবে নতুন নতুন আবিষ্কারের নেশায় মৃত্যুভয়কে তুচ্ছ করে এগিয়ে চলছে। সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কীভাবে মুক্তা সংগ্রহ করে কিংবা দুঃসাহসী বৈমানিক কীভাবে আকাশে পাড়ি জমায়, এ সবকিছুও কবি জানতে চান। বদ্ধ ঘরে আবদ্ধ থেকে কবি রহস্যঘেরা বিশ্বজগৎটাকে হাতের মুঠোয় পুরে দেখতে চান। তাই কবি বদ্ধ ঘরে থাকতে চান না।
আরো পড়ুন : এই দেশ এই মানুষ প্রবন্ধের ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব
প্রশ্ন: যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বোঝো লেখ।
উত্তর: ‘যুগান্তর’ শব্দটির অর্থ হলো এক যুগের পর আরেক যুগ। সময়ের হিসেবে ১২ বছরে এক যুগ হয়। আপন গতিতে এগিয়ে যাওয়া, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় পৃথিবীর অনেক কিছু। নতুন নতুন রহস্য ও ঘটনার সৃষ্টি হয়। সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে মানুষও এগিয়ে চলে রহস্য অনুসন্ধান ও ঘটনার মূল উদঘাটনের জন্য। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের এই এগিয়ে যাওয়ার প্রবণতাকে বোঝানোর জন্যই বলা হয়েছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে।
প্রশ্ন: কীসের আশায় বীর মরণকে বরণ করছে?
উত্তর: লক্ষ্যে পৌঁছার জন্য বীরেরা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকেও সাদরে গ্রহণ করে থাকে। রহস্য ভেদ করা, নতুন কিছু সৃষ্টি করা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়ে ন্যায় প্রতিষ্ঠা করা এবং অজানাকে জানার আশায় বীর মরণকে বরণ করছে।
প্রশ্ন: চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?
উত্তর: ‘চন্দ্রলোক’ কথাটির অর্থ হলো চাঁদের দেশ। বিশ্বের মানুষের কাছে এই দেশ একটি অজানা-অচেনা জায়গা। অজানা-অচেনা জায়গা সম্পর্কে মানুষ চিরকালই কৌতূহলী। আর এই কৌতূহলী মানুষই চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। পৃথিবীর এই দুঃসাহসী মানুষ হাউই চড়ে চন্দ্রলোকের অচিনপুর অভিযান সফল করতে চায়। জানতে চায় অচিনপুর চন্দ্রলোকের অজানা সব রহস্য।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
কবীর