বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫-২৬ প্রকাশ করা হয়েছে। এবার নীতিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে।
আবেনকারী প্রার্থীর যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। শুধু সরকার কর্তৃক বিদেশিদের সংরক্ষিত আসনের জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫ পয়েন্ট হতে হবে। গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) এটি ছিল ৯ পয়েন্ট। প্রার্থীকে নিয়মিত এসএসসি ও সমমান ‘ও’ পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি অথবা সমমান ‘এ’ লেভেল পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই ফিজিকস (পদার্থবিজ্ঞান), কেমিস্ট্রি (রসায়ন) ও বায়োলজিতে (জীববিজ্ঞান) ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে। সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি/এ লেভেল অথবা সমমান পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে মোট জিপিএ ৮ দশমিক ৫ এবং জীববিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪-এর কম থাকলে আবেদন করা যাবে না।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এসএসসি বা যে দেশে এসএসসি পর্যায়ের পাবলিক পরীক্ষা নেই সে দেশের দশম শ্রেণি/ও লেভেল এবং এইচএসসি/এ লেভেল অথবা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭ এবং জীববিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫ এর কম থাকলে আবেদন করা যাবে না। পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সব উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫ এর কম থাকলে আবেদন করা যাবে না। এক্ষেত্রে জীববিজ্ঞানে জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। যে শিক্ষাবর্ষের জন্য মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন সেই ইংরেজি বর্ষ বা পূর্ববর্তী ইংরেজি বর্ষে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে। সংশ্লিষ্ট আবেদনকারীকে তার এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী তিন শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে।
‘ও’ লেভেল বা ‘এ’ লেভেল অথবা বিদেশি শিক্ষাব্যবস্থায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক তাদের নম্বরপত্রগুলো সমতাকরণ করতে হবে।
কবীর