কমিউনিটি ভিত্তিক সচেতনতা ও সম্পৃক্ততা তৈরির মাধ্যমে নিরাপদ, আইনসম্মত ও তথ্যভিত্তিক যুব অভিবাসন প্রকল্প শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিয়া’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর উপশহরস্থ ‘আইডিয়া’ কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সম্পর্কিত প্রকল্পের সূচনা কর্মশালায় এই তথ্য জানান আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক।
কর্মশালার শুরুতেই নিরাপদ, আইনসম্মত অভিবাসন নিয়ে প্রজেক্ট নিয়ে প্রেজেন্টেশন দেন আইডিয়ার মাইগ্রেশন প্রজেক্টের প্রজেক্ট অফিসার লিজা মনি। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আইডিয়ার উদ্যোগে আইডিয়ার এই প্রকল্পটি সিলেট সিটি করপোরেশন ও মৌলভীবাজার শহরে বাস্তবায়িত হবে বলে জানানো হয়।
আইডিয়ার প্রেসিডেন্ট ড. আবুল ফাত্তাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এবং যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো. ফকরুজ্জামান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সঠিকভাবে ব্যবস্থাপিত নিরাপদ যুব অভিবাসন দেশের জন্য গুরুত্বপূর্ণ রেমিট্যান্স নিয়ে আসে।
বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে একটি বড় শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে ব্যবস্থাপিত নিরাপদ যুব অভিবাসন দেশের জন্য গুরুত্বপূর্ণ রেমিট্যান্স নিয়ে আসে। তবে তিনি কিছু চ্যালেঞ্জের দিকও তুলে ধরেন, যেমন দক্ষতার পরিবর্তে সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা, নেতৃত্বে দুর্নীতি এবং মানবসম্পদ উন্নয়নের পথে বড় দুর্বলতা। তিনি মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শক্তিশালী নেতৃত্ব এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ যুব অভিবাসন নিয়ে সচেতনতা তৈরিতে এ প্রকল্পের উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন জানান।
বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে প্রকল্পটিকে সময়োপযোগী ও সিলেট অঞ্চলের যুবকদের জন্য নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে একটি বাস্তবধর্মী উদ্যোগ বলে অভিহিত করেন।
তারা বলেন, উক্ত প্রকল্পের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তথ্যে সমৃদ্ধ হয়ে প্রকল্পের কর্ম এলাকায় অবস্থানরত যুব সমাজ অভিবাসনের নামে বিদ্যমান প্রতারণা ও জালিয়াতি থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান লাভ করবে।
কর্মশালায় যুবক, তরুণ, শিক্ষার্থী, এনজিও কর্মী, শিক্ষাবিদ, মিডিয়া কর্মী, সরকারী কর্মকর্তাবৃন্দ, ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীগণ ও গণমাধ্যম প্রতিনিধিরা যুব অভিবাসনের ক্ষেত্রে তথ্যসূত্র, প্রকল্পের পরিধি এবং চুক্তিভিত্তিক বিবাহ (কন্ট্রাক্ট ম্যারেজ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা প্রতারণা প্রতিরোধ, সার্টিফিকেট যাচাইয়ের ক্ষেত্রে তরুণ ও যুবকদেরকে mygov.bd ব্যবহারের প্রস্তাব, তরুণ, যুবক ও শিক্ষার্থীদের অভিবাসন অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের পরামর্শ প্রদান করেন।
শাকিলা/নাঈম