যথাযথ মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে, বাহরাইনস্থ জাতিসংঘের কার্যালয়ে আরব ওপেন ইউনিভার্সিটির সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাহরাইনের আরব ওপেন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ব্যক্তিবর্গ, বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ স্কুল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণকারী বাহরাইনস্থ অন্যান্য স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য, অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কিং হামাদ গ্লোবাল সেন্টার ফর পিসফুল কো-এক্সিস্টেন্সের নির্বাহী পরিচালক মিস মুনীরা নাওফল আল-দোসেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব ওপেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. নাজমা ত্বাকী এবং বাহরাইনে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মান্যবর খালিদ আল-মিকওয়াদ। স্কৃতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিসের ডাইরেক্টর জেনারেল মিস ফারাহ মোহাম্মদ মাততার, ডাইরেক্টর অফ কালচার মিস হুদা সাইদ আব্দুল গাফফার এবং বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের অ্যাক্টিং চিফ অ্যাম্বাসেডর মোহাম্মদ রাশেদ আল সুয়াইদি, চিফ অফ অর্গানাইজেশন হাতেম আব্দুলহামিদ হাতেম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) চিফ মিস আয়শাত এহমা শারীফ ও বাহরাইনের খ্যাতিমান শিল্পী সাইয়্যেদ আব্বাস আল-মিসাওয়ী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং ইউনেস্কো কর্তৃক প্রেরিত একটি ভিডিও বার্তা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে মান্যবর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি তার স্বাগত বক্তব্যে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী সব শহিদদের অবদানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।
তিনি বলেন, বাঙালিই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়ে পৃথিবীতে এক নজিরবিহীন ইতিহাসের জন্ম দিয়েছেন। এছাড়া, তিনি তার আলোচনায় এই শহিদ দিবস কীভাবে বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় তা সবার উদ্দেশ্যে তুলে ধরেন এবং সবার মাতৃভাষা সংরক্ষণের ওপর জোর দেন। বিদেশের মাটিতে অবস্থান করেও মাতৃভাষার চর্চা ও গুরুত্ব যেন বিদ্যমান থাকে সে মর্মে নতুন প্রজন্মকে উৎসাহিত করা হয়েছে।
অনুষ্ঠানে একটি চমকপ্রদ পরিবেশন ছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কর্তৃক তাদের স্ব-স্ব ভাষায় কবিতা আবৃতি। উপস্থিত সবাই ভিন্নধর্মী এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বকে আনন্দচিত্তে উপভোগ করেন। বাহরাইনস্থ ১৩টি দেশের রাষ্ট্রদূতগণ ও অন্যান্য কূটনৈতিক ব্যক্তিবর্গ তাদের মাতৃভাষায় কবিতা আবৃতি করেন।
যে সব দেশের রাষ্ট্রদূতগণ কবিতা আবৃতি করেন সে সব দেশ হলো, চীন, মিশর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, লেবানন, মালয়েশিয়া, নেপাল, কোরিয়া, আমেরিকা, রাশিয়া এবং বাংলাদেশ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া, রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, অনুষ্ঠানে আগত অনেক বিদেশি অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে রাষ্ট্রদূত সব অতিথিদেরকে সঙ্গে নিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। উক্ত প্রদর্শনীতে বাহরাইনস্থ প্রায় ১১টি স্কুলের ৭২টি চিত্রকং প্রদর্শিত হয়। পরিশেষে, রাষ্ট্রদূত কর্তৃক অনুষ্ঠানে আগত সব অতিথি, বিপুল সংখ্যক দর্শনার্থী, বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নাঈম/