বলিউড তারকা আলিয়া ভাট। তার ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। তবে আলিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘জিগরা’ বক্স অফিসে প্রত্যাশিত আয় তুলতে পারেনি। এ কারণে এবার আট-ঘাট বেঁধেই নামছেন এই অভিনেত্রী।
মিড ডের প্রতিবেদন অনুসারে, একটি নারী প্রধান গল্পের প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আলিয়া। এটি নির্মাণ করবেন দক্ষিণী সিনেমার আলোচিত পরিচালক নাগ অশ্বিন। নির্মাতা অভিনেত্রী কাজের বিষয় নিয়ে আলোচনা করলেও সিনেমার গল্পটি এখনো গোপন রাখা হয়েছে। জানা গেছে, চরিত্রটি নাকি আলিয়াকে কেন্দ্র করেই লেখা হয়েছে।
‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত পরিচালক নাগ অশ্বিনও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এই দক্ষিণী পরিচালকের ‘লার্জার দ্যান লাইফ’ সিনেমা নির্মাণের জন্য সুখ্যাতি আছে। তাই ‘কল্কি ২৮৯৮ এডি’সিনেমার পর আলিয়া-অশ্বিনের আসন্ন এই নারীপ্রধান গল্পের সিনেমাটি বড় চমক দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলিয়া নিজেকে বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ী, রাজি, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দেগি এবং ডার্লিংস-এর মতো সিনেমা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, নাগ অশ্বিনের নতুন সিনেমা আলিয়ার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এবং তার অভিনয়ের যে বৈচিত্র্যতা তা নতুনভাবে ফুটিয়ে তুলবে।
উল্লেখ্য, ‘আরআরআর’-এ অভিনয়ের মাধ্যমে ভারতের দক্ষিণে নিজের একটি বড় ভক্তকুল তৈরি হয়েছে আলিয়ার। ছবিটিতে রাম চরণ ও জুনিয়র এনটিআর এর সঙ্গে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
হাসান