বলিউডেও একের পর এক সিনেমায় রাশমিকা মান্দানাকে দেখা যাচ্ছে। এবার তিনি শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। সিনেমার নাম ‘ককটেল ২’। দীনেশ বিজন প্রযোজিত হোমি আদাজানিয়া পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকেই। শুধু শাহিদ ও রাশমিকা নন, সিনেমায় দেখা যাবে আরও অভিনেত্রীকে।
‘ককটেল’ সিনেমার মতোই ‘ককটেল ২’ সিনেমাতেও ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে। বোঝাই যাচ্ছে শুধু শাহিদ এবং রাশমিকা নন, আরও একজন অভিনেত্রী অভিনয় করবেন এই সিনেমায়। তিনি কৃতি স্যানন।
শাহিদ এবং কৃতি জুটি বেঁধেছিলেন ‘তেরি বাতোমে আইসা উলঝা জিয়া’ সিনেমায়। সিনেমাটির গল্প এবং অভিনেতা-অভিনেত্রীর অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ ভালোই পছন্দ হয়েছিল দর্শকের। আরও একবার একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে।
আপাতত ‘পুষ্পা ২’ সিনেমার ঝড় বয়ে যাচ্ছে সিনে পর্দায়। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই সিনেমাটি। ‘অ্যানিম্যাল’ সিনেমায় রাশমিকার অভিনয় পছন্দ হয়নি মানুষের। এবার দেখা যাক, ককটেল ২ সিনেমায় রাশমিকার অভিনয় কতটা মানুষের ভালো লাগে।
প্রসঙ্গত, ‘ককটেল ২’ নয়, এর আগেও একসঙ্গে বড় পর্দায় কাজ করার কথা ছিল শাহিদ কাপুর এবং রাশমিকা মান্দানার। অনিস বাজমি পরিচালিত কমেডিভিত্তিক সিনেমায় ডবল রোল ছিল অভিনেতা-অভিনেত্রীর। দুর্ভাগ্যবশত বাজেটের সমস্যা হওয়ায় সিনেমাটি বাতিল করতে বাধ্য হয়েছিলেন পরিচালক।
এদিকে শাহিদ আপাতত তার আগত সিনেমা ‘গ্রিটি গ্যাংস্টার’ নিয়ে ভীষণ ব্যস্ত। ’৯০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় অভিনেতার বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমাটি ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ভারতজুড়ে।
উল্লেখ্য, ২০১২ সালে সাইফ আলি খান, দীপিকা পাডুকোন, ডায়ানা পেন্টি অভিনীত ককটেল সিনেমাটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। সিনেমার গল্প থেকে শুরু করে গান, এখনো মানুষের পছন্দের তালিকায় রয়েছে। এবার ১৩ বছর পর আসতে চলেছে সিনেমাটির সিক্যুয়েল।
/আবরার জাহিন