২০২৪ সালের শীর্ষ ১০ হলিউড তারকার তালিকা প্রকাশ করেছে বিনোদনজগতের জনপ্রিয় বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট আইএমবিডি।
নানা তথ্য ও সাফল্যের উপর নির্ভর করে ওয়েবসাইটটি তাদের স্টারমিটার র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এ তালিকা তুলে ধরে। ২৫০ মিলিয়নেরও বেশি মাসিক ভিজিটরদের পছন্দের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। নিজেদের জনপ্রিয়তা ও অভিনয় ক্যারিয়ারের উত্থানের মাধ্যমে বিশাল হলিউড দুনিয়া থেকে মাত্র ১০ জন তারকা এই তালিয়াকায় জায়গা করে নিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের অভিনয় জগতের ইতিহাস, ক্যারিয়ার ও সাফল্য নিয়ে আমাদের আজকের আয়োজন-
সিডনি সুইনি

আইএমবিডির তালিকার শীর্ষে রয়েছেন সিডনি সুইনি। তিনি ২০০৯ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ‘ওয়ান্স আপঅন আ টাইম... ইন হলিউড’ এবং ‘এনিওয়ান বাট ইউ’ সিনেমার মাধ্যমে পরিচিতি অর্জন করেন এ অভিনেত্রী। তিনি ‘ইউফোরিয়া’, ‘দ্য হোয়াইট লোটাস’, ‘শার্প অবজেক্টস’ এবং ‘দ্য হ্যান্ডমেইড’স টেইল’ সিরিজগুলোতেও অভিনয় করেছেন। ২০২৪ সালে সিডনি সুইনি হলিউডের দুই জনপ্রিয় সিনেমা ‘মাদাম ওয়েভ’ ও ‘ইম্যাকুলেট’-এ অভিনয় করেছেন।
এলা পারনেল

এলা পারনেল ২০১০ সালে ‘নেভার লেট মি গো’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘কিক-অ্যাস ২’, ‘ম্যালিফিসেন্ট’, ‘মিস পেরেগ্রিন’স হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন’ এবং ‘স্টার ট্রেক: প্রডিজি’সহ একাধিক বিখ্যাত সিনেমায় কাজ করেছেন। চলতি বছর ‘ফল আউট’ ও ‘সুইট পি’-তে কাজ করে আলোচনায় এসেছেন তিনি।
ক্রিস্টিন মিলিয়টি
.jpg)
২০০৬ সালে ‘দ্য সোপ্রানোস’ সিরিজের তিনটি পর্বে অতিথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ক্রিস্টিন মিলিয়টি। এরপর তিনি ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ সিনেমা এবং ‘হাউ আই মেট ইওর মাদার’, ‘ফার্গো’, ‘ব্ল্যাক মিরর’, ‘মডার্ন লাভ’- এর মতো টিভি সিরিজেও কাজ করেছেন। চলতি বছর তিনি সবার মন জয় করেছেন ‘দ্যা পেঙ্গুইন’ এবং ‘হিট-মাংকি’-তে কাজ করে।
এইজা গঞ্জালেজ

মেক্সিকোর টেলিনোভেলা থেকে হলিউডে আসা এইজা গঞ্জালেজ বেশ কয়েকটি হিট সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘বেবি ড্রাইভার’, ‘আলিতা: ব্যাটল অ্যাঞ্জেল’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস: হব্বস অ্যান্ড শ’, ‘ব্লাডশট’ এবং ‘গডজিলা ভার্সাস কং’ উল্লেখযোগ্য। ২০২৪ সালে তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘থ্রি বডি প্রবলেম’, ‘দ্য মিনিস্ট্রি অফ আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, ‘লা মাকিনা’।
গ্লেন পাওয়েল

২০০৩ সালে ‘স্পাই কিডস ৩ডি: গেম ওভার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন গ্লেন পাওয়েল। এরপর ‘টপ গান: মাভেরিক’, ‘টুইস্টার্স’, ‘হিডেন ফিগার্স’ এবং ‘স্ক্রিম কুইন্স’সহ ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার দক্ষতা ও বৈচিত্র্য তাকে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে। চলতি বছরে তিনি ‘হিটম্যান’ ও ‘টুইস্টার’ ছবিতে কাজ করে প্রশংসিত হয়েছেন।
এছাড়াও এই তালিকায় আছেন রেবেকা ফার্গুসন, ড্যাফনে কিন, ইভ হিউসন, নিকোলা কোগলান, ব্যারি কিওঘানের মতো তারকা।
হাসান