গত বছরের শেষ দিকে ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। একই কনসার্টে গান গেয়েছেন পাকিস্তানের আরেক সঙ্গীততারকা আবদুল হান্নান। এরপর গেল কিছুদিন আগে আর্মি স্টেডিয়াম সুরের জাদু ছড়ালেন উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্ধোধনী অনুষ্ঠানেও গান গেয়ে শ্রোতাদের মোহিত করেন তিনি। এবার নতুন বছরের শুরুতেই ঢাকায় আসছে পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’। এবারই প্রথম বাংলাদেশে কনসার্ট করবে কাভিশ। কনসার্টটির আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশন।
প্রতিষ্ঠানটির পক্ষ্ থেকে জানানো হয়েছে, ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে টানা দুই দিন পারফর্ম করবে কাভিশ। এছাড়াও ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করবে দেশে ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তার ব্যান্ড ঘাসফড়িং কয়ার।
ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’
উল্লেখ্য, ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি।
হাসান


.jpg)