দক্ষিণী সিনেমার এ সময়ের ব্যস্ততম অভিনেত্রী নয়নতারা। বর্তমানে বেশ কিছু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘জাওয়ান’খ্যাত এ অভিনেত্রী। দক্ষিণের দর্শকদের কাছেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে। অনেক ভক্তই তাকে ভালোবেসে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। তবে এবার ভক্তদের এ নামে না ডাকার অনুরোধ করলেন এই তারকা।
তিনি ভক্তদের প্রতি অনুরোধ করেছেন, তারা যেন তার প্রকৃত নাম ‘নয়নতারা’ বলেই তাকে ডাকে। এ ছাড়া ‘নয়নতারা’ নামটি এ অভিনেত্রীর খুব প্রিয় বলেও জানান তিনি। গত মঙ্গলবার এমন সিদ্ধান্তের কারণ জানাতে টুইটারে একটি পোস্ট করে নয়নতারা জানান, কোনো উপাধি বা প্রশংসা যে কারও জন্য মূল্যবান কিন্তু কখনো কখনো এগুলো ব্যক্তিকে তার কাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া দর্শকদের সঙ্গেও নিঃশর্ত বন্ধন তৈরিতে বাধার সৃষ্টি করে বলে মনে করেন এ তিনি।
এক্স হ্যান্ডেলে নয়নতারা লিখেছেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আপনারাই আমার সব আনন্দ এবং সাফল্যের উৎস। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জীবনে আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছেন। সাফল্যের সময় কাঁধ চাপড়ে দেওয়া বা কষ্টের সময় শক্তি দেওয়া- সবসময়ই আপনাদের পাশে পেয়েছি। আপনারা অনেকেই আমাকে লেডি সুপারস্টার বলে ডাকেন, যা হয়তো অসীম স্নেহ ও ভালোবাসা থেকেই উদ্ভূত হয়েছে। এতটা সম্মান জানানোর জন্য আমি ঋণী এবং কৃতজ্ঞ।’
এরপরই আসল কথায় আসেন এই দক্ষিণী তারকা। নিজের আসল নামে ডাকার অনুরোধ করে এ অভিনেত্রী লেখেন, ‘আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, দয়া করে আমাকে ‘নয়নতারা’ বলে সম্বোধন করবেন। কেননা এই নামটি আমার হৃদয়ের সবচেয়ে কাছের। এটি কেবল অভিনেত্রী নয়নতারাকেই নয় সঙ্গে ব্যক্তি নয়নতারাকেও প্রতিনিধিত্ব করে বলে আমি মনে করি।’
ভবিষ্যতে কী হবে সেটা জানি না, তবে আশা করি, সামনেও এভাবেই আপনারা আমাকে সমর্থন করে যাবেন। আপনাদের বিনোদিত করতে আমিও কঠোর পরিশ্রম অব্যাহত রাখব। আপনাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার সঙ্গে নয়নতারা।’ উল্লেখ্য, এই অভিনেত্রী তার বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে আসন্ন ‘টেস্ট’ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে।
/শাকিল