ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া। সাত পর্বের এই ওয়েব সিরিজটি আসছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আসিফ চৌধুরীর পরিচালনায় এই সিরিজটি আগামী ৮ মে বৃহস্পতিবার থেকে দেখা যাবে।
প্রেম, অপরাধ, অনুশোচনা ও প্রতিশোধের থ্রিলার ধর্মী গল্পে সাজানো হয়েছে এই ওয়েব সিরিজের গল্প। এর চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।
ইতোমধ্যেই ‘ফ্যাঁকড়া’র ৫০ সেকেন্ডের একটি টিজার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করে বঙ্গ লিখেছে, “ভুলে মৃত্যু, পিছু নেয় প্রতিশোধ। সময় চলছে, পালানোর নয়! আসিফ চৌধুরী নির্মিত সিরিজ ‘ফ্যাঁকড়া’ আসছে ৮ মে!”
এর গল্পে দেখা যাবে, প্রেমিকা গোলাপির মন জয়ের জন্য অর্থের দরকার সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুবান্ধবদের নিয়ে সে জড়িয়ে পড়ে অপরাধের জালে। পরিকল্পনা হয় ছিনতাইয়ের। কিন্তু ভুলের বশে ঘটে যায় এক নারীর মৃত্যু। খুনের ঘটনার পর বিপাকে পড়ে সামাদ ও তার বন্ধুরা। পুলিশ যেমন খুঁজতে থাকে তাদের, তেমনি নিহত নারীর স্বামীও নিতে চায় প্রতিশোধ। গল্পের মোড় নেয় অন্যদিকে।
এ সম্পর্কে নির্মাতা আসিফ চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘সামাদ ও গোলাপি চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। প্রেমের জন্য অপরাধ এবং তাদের ভুলের পরিণতি কী হয় এগুলো উপভোগ করতে পারবে দর্শক। আমার বিশ্বাস সিরিজটি দেখে নিরাশ হবে না দর্শক।’
/শাকিল