একের পর এক নতুন সিনেমায় নতুন রূপে হাজির হয়ে সবাইকে চমকে দিচ্ছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। এরই ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত 'তাণ্ডব' সিনেমার ফোরকাস্ট (পূর্বাভাস)। আর পূর্বাভাসেই ঝড় তুলে দিয়েছেন স্বনামধন্য এ নায়ক।
রবিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পেয়েছে তাণ্ডবের ১ মিনিট ২৯ সেকেন্ডের ফোরকাস্ট।
ফোরকাস্টের ১ মিনিটের সময়ে শাকিব খানের চেহারা রিভিল (প্রকাশ) করা হলেও তাতেই ঝড় তুলে দিয়েছেন নেট দুনিয়ায়।
সিনেমার পূর্বাভাসে দেখা গেছে বানরের মুখোশধারী একটি গ্রুপ পুলিশের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পরে গিয়ে বোঝা যায়, যার নেতৃত্বে রয়েছে শাকিব খান।
আঁচ করা গেছে পুলিশের অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করে সমাজের চোখে হিরো হওয়ার গল্পই হয়তো উঠে আসবে শাকিব খানের 'তাণ্ডবে'।
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে ছোট পর্দার সাবিলা নুর এবং বিশেষ দৃশ্যে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এ ছাড়া টিজারে দেখা গেছে রোজি সিদ্দিকী ও ডা. এজাজের মতো তুখোড় শিল্পীদের।
রায়হান রাফী পরিচালিত তাণ্ডবের পূর্বাভাসে শাকিব খানের লুক দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। চলছে নানারকম আলোচনা।
এর আগে রায়হান রাফীর পরিচালনায় 'তুফান' সিনেমায় অভিনয় করেন শাকিব। যা প্রশংসিত হয়েছিল সব মহলে। হয়েছিল ব্যবসা সফল। এবার তাণ্ডব নিয়ে আবারও একসঙ্গে হাজির হয়েছেন গুণী এ দুজন পরিচালক ও অভিনেতা।
আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে দর্শক মহলের বহুল প্রতীক্ষিত 'তাণ্ডব'।
মেহেদী/