ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গতকাল (১৮ মে) এই অভিনেত্রীকে বিমানবন্দর থেকে আটক করা হয়। এ ঘটনায় গতকাল থেকেই সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হয়েছে। এবার এই প্রসঙ্গে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ফারিয়াকে গ্রেফতারের ঘটনাটি বিব্রতকর বলে মন্তব্য করেন ফারুকী। এছাড়াও সরকারের প্রধান কাজ জুলাইয়ের অপরাধীদের বিচার করা বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে উপদেষ্টা ফারুকী লেখেন, ‘‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।’’
‘‘আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো।
ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে’’- যোগ করেন ফারুকী।
এছাড়াও ফারিয়াকে হঠাৎ বিমানবন্দর থেকে গ্রেফতার করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘‘আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।’’
তিনি আরও বলেন, ‘‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো-এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’’
প্রসঙ্গত, গতকাল এই অভিনেত্রীকে আটকের পর তাকে ভাটারা থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হয়। পরে আদালত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফারিয়ার জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেছে আদালত।
/শাকিল