গত কয়েক বছর ধরে নায়ক শাকিব খানের যেনো স্বর্ণযুগ যাচ্ছে। তার সিনেমা মানেই সুপারহিট। এরই ধারাবাহিকতায় কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনিত সিনেমা ‘তাণ্ডব’। এখনও প্রতিনিয়ত তাণ্ডবের সব শো হাউজফুল হচ্ছে বলেও জানা যাচ্ছে। এরইমধ্যে ‘তাণ্ডব’ সিনেমাটি শিকার হয়েছে পাইরেসির। অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমাটির 'এইচডি' ভার্সন।
এর আগে মুক্তির পর ছবিটির ছোট ছোট ভিডিওক্লিপ ফাঁস হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পদক্ষেপ নিতে প্রযোজনা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। তবে পাইরেসির ফলে এখন অনলাইনেই দেখা যাচ্ছে ছবিটি।
পাইরেসির বিষয় নিয়ে নিয়ে এখনো সংশ্লিষ্টরা কোনো মন্তব্য না করলেও গত ৮ জুন ‘তাণ্ডব’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল সংবাদ সম্মেলনে জানান, যে বা যারা পাইরেসির করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি ছবির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় তাহলে আইডি অথবা পেজ ব্লক করে দেওয়া হবে।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘পাইরেসি বন্ধ করার বিষয়টি কোনো অনুরোধ না। এটা কেউ করতে পারবে না। আপনারা শুধু আমাদের না, দর্শকদের বঞ্চিত করছেন। উত্তেজনাবসত কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ক্লিপগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রফেশনাল টিম কাজ করছে। পাইরেসির ব্যাপারে ক্লিয়ার বলে রাখতে চাই, সিঙ্গেল স্ক্রিনের যে হল গুলোকে দিয়েছি, সেখানে থেকে যদি পাইরেসি হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি প্রদর্শকদের বলব হলে ঠিকঠাক মতো মনিটর করেন, যাতে কেউ কোনো ধরণের পাইরেসির চেষ্টা করতে না পারে। কোনো ক্লিপ যাতে সোশ্যাল মিডিয়াতে না আসে। কারণ আমরা লোকেশন জানতে পারব কোন জায়গা থেকে পাইরেসি করা হয়েছে। পাইরেসি আটকাতে সর্বোচ্চ সতর্ক রয়েছি।’
তাণ্ডবে শাকিব খান ছাড়াও রয়েছেন- জয়া আহসান সাবিলা নূর, শহীদুজ্জামান সেলিম, শিবা শানু, মুকিত জাকারিয়া, ডা. এজাজ, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, এফ এস নাঈম, সুমন আনোয়ার, রোজী সিদ্দিকী, আফজাল হোসেন, সিয়াম আহমেদ, আফরান নিশোসহ অনেকে।
মেহেদী/