মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটক ‘মিথ্যে প্রেমের গল্পে’। এর চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। নাটকের গল্প এগিয়েছে সাইফ ও আয়াত নামের দুই চরিত্র ঘিরে।
গল্পে দেখা যায় শান (জোভান) একজন সাধারণ মানুষ। আয়াতকে (নাজনীন নিহা) এক পরিস্থিতি থেকে উদ্ধার করতে গিয়ে নিজের কাঁধে তুলে নেয় সব দায়। আর এই কারণে জেলে যেতে হয় তাকে। যেখানে জোভানের কয়েদি নাম্বার হয় ৫০২।
নাটকটি সম্পর্কে জোভান বলেন, ‘চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম। খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম। দর্শকরা এটা দেখলে কাঁদবেন, ভাববেন—এমন ভালোবাসা আজকাল কোথায় যায়?’
নাটকটি প্রসঙ্গে পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ভালোবাসা মানে কেবল প্রেমকাহিনি নয়—তাতে থাকে বিশ্বাস, আত্মত্যাগ আর একটি সময়ের পরিণতি। ‘মিথ্যে প্রেমের গল্প’ বলতে চায় সেই সব মানুষদের কথা, যারা ভালোবাসার জন্য নিঃশব্দে জীবন দিয়ে দেয়, অথচ সমাজ তাদের গল্প কখনো শোনে না।’
নাটকটি আগামী ১৯ জুন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে জানান এর নির্মাতা।
/এমএস