জনপ্রিয় মার্কিন টেলিভিশন অভিনেতা জো মারিনেল্লি আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৬৮ বছর বয়সে তিনি ২২ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা লি জে. ম্যাকক্লসকি।
সামাজিক যোগাযোগমাধ্যমে জো মারিনেল্লিকে স্মরণ করে ম্যাকক্লসকি লিখেছেন, ‘আমি জানতাম জো কঠিন এক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাঁর মনোবল আর প্রাণশক্তি আমাকে সবসময় অবাক করেছে। অসাধ্য এক যুদ্ধ তিনি লড়ে গেছেন এবং সত্যিকার অর্থেই তিনি ছিলেন এক যোদ্ধা, এক চ্যাম্পিয়ন।’
তিনি আরও জানান, জো শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন হৃদয়বান, জ্ঞানী ও রসিক ব্যক্তি। শিল্প-সংস্কৃতির চর্চা ছিল তাঁর পারিবারিক উত্তরাধিকার, যা তাঁর প্রতিটি কাজে প্রতিফলিত হয়েছে। প্রিয় বন্ধুকে হারিয়ে আমি শোকাহত।
জো মারিনেল্লির জন্ম ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের কনেকটিকাটে। তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটিতে। শুরুটা হয়েছিল থিয়েটারে, এরপর ধীরে ধীরে তিনি ছোট পর্দায় নিজের জায়গা করে নেন।
১৯৮০-এর দশকে ‘এল.এ. ল’ এবং ‘হিল স্ট্রিট ব্লুস’-এর মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টিভি ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে ‘সান্তা বারবারা’ সিরিজে বান্নি তাগলিয়াত্তি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘জেনারেল হসপিটাল’-এ জোসেফ, এবং সাম্প্রতিক সময়ে ‘দ্য মর্নিং শো’-তে ডনি স্পাগনোলি চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়।
তাঁর অভিনয় জীবনে ছিল বৈচিত্র্য। ‘দ্য ওয়েস্ট উইং’, ‘হাউস’, ‘ডেসপারেট হাউসওয়াইভস’, ‘ভিক্টোরিয়াস’ ও ‘দ্য অফার’-এর মতো সিরিজে অভিনয় করে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে। কখনো সংবেদনশীল চরিত্র, কখনো হাস্যরসাত্মক ভূমিকায় সব জায়গাতে তিনি রেখেছেন দক্ষতার ছাপ।
/আবরার জাহিন