বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এষা গুপ্তা। অভিনয়ের বাইরে বিভিন্ন বিষয়ে মাঝে মাঝেই আলোচনায় আসেন এই অভিনেত্রী। নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্তার অভিযোগ। এবার এই পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন এষা গুপ্তা।
এষা গুপ্তার দাবি, প্রকাশ্যে তার সঙ্গে অসভ্য আচরণ করেছেন সাজিদ খান। এ জন্য মাঝপথেই ছবির কাজ ছেড়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা জানান, জনসমক্ষে সাজিদের সঙ্গে তার তুমুল ঝগড়া হয় এবং তা গালিগালাজ পর্যন্ত পৌঁছায়। এই অভিনেত্রী আরও বলেন, ‘সাজিদ খানের সঙ্গে আমার মোটেও সুসম্পর্ক নয়। তার ওপর একবার বিরাট ঝগড়া হয়েছে। তার পরে আর কখনোই আমাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি। লোকে আমাকে গালাগালি দেবে, সেটা আমার মোটেই পছন্দ নয়। ভালো ব্যবহার করা তো খুব সাধারণ একটা বিষয়।’
আর এ কারণে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় সাজিদ খান অশ্রাব্য ভাষায় আক্রমণ করতে শুরু করেন এষাকে। এই অভিনেত্রীও ছেড়ে দেননি নির্মাতাকে। তিনিও পাল্টা গালাগালি করা শুরু করেন।
এষা আরও বলেছেন, ‘আমি সেট থেকে বেরিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে স্থির করেই ফেলেছিলাম, আর এই ছবিতে কাজ করব না। কিন্তু প্রযোজক ফোন করে ক্ষমা চান।’ প্রযোজকের পরে সাজিদও নাকি ফোন করে ক্ষমা চেয়েছিলেন তার কাছে।
কিন্তু কী নিয়ে সাজিদের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল, তার জবাবে এই অভিনেত্রী বলেন, ‘কিছু মানুষ কথা বলার আগে ভাবেন না। নানা কারণে এদের মাথা গরম হয়ে থাকে। আমি আর এ বিষয় নিয়ে কথা বলতেই চাই না।’
উল্লেখ্য, মন্দানা করিমি, অহনা কুমরা, শেরলিন চোপ়ড়া, র্যাচেল হোয়াইট, সালোনি চোপড়া এর আগে সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।
/রিয়াজ