একই দিনে হলিউডের চার সিনেমা গতকাল ২৭ জুন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। আলোচিত হরর ছবি ‘মেগান’-এর সিক্যুয়েল ‘মেগান ২.০’ এবং ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত ছবি ‘এফ ওয়ান’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে গতকাল। অন্যদিকে, জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ গত ১৩ জুন মুক্তির পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে বেশ ভালো সাড়া পেয়েছে।
এ বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্য আয়ের দিক থেকে এ পর্যন্ত সেরা পাঁচ সিনেমার মধ্যে চতুর্থ অবস্থানে আছে এটি। এ ছাড়া, এক দশকের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এসেছে ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। এটিও দর্শক প্রত্যাশা পূরণে সমর্থ হয়েছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আশা করছে, বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাবে ছবিগুলো।
‘মেগান ২.০’ পরিচালনা করেছেন জেরার্ড জনস্টোন। অ্যালিসন উইলিয়ামস এবং ভায়োলেট ম্যাকগ্রা যথাক্রমে জেমা এবং ক্যাডি চরিত্রে তাদের ভূমিকা পুনরায় পালন করেন। অ্যামি ডোনাল্ড, জেনা ডেভিস, ব্রায়ান জর্ডান আলভারেজ এবং জেন ভ্যান এপসও পূর্ববর্তী ছবির ভূমিকা পুনরায় পালন করেন, যেখানে ইভানা সাখনো, টিম শার্প, অ্যারিস্টটল আথারি এবং জেমাইন ক্লিমেন্ট মূল চরিত্রে যোগ দেন।
‘এফ ওয়ান’ হলো ২০২৫ সালের একটি আমেরিকান স্পোর্টস ড্রামা চলচ্চিত্র। ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ছবি। জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমার মাধ্যমে আবারও বিশ্বের চলচ্চিত্র মহলে আলোচনায় আসতে চলেছেন ব্র্যাড পিট। এই সিনেমায় ব্র্যাড পিটের পাশাপাশি অভিনয় করেছেন কেরি কনডন, হাভিয়ের বারডেম এবং ক্যালি কুওকোসহ আরও অনেকে।
‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ একটি জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র। একই নামের একটি লাইভ-অ্যাকশন রিমেকও রয়েছে। একটি কাল্পনিক দ্বীপ বার্কে বসবাসকারী ভাইকিংস এবং ড্রাগনদের মধ্যে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। মূল অ্যানিমেটেড চলচ্চিত্রটি ২০১০ সালে মুক্তি পায় এবং এর সিক্যুয়েলগুলো হলো হাউ টু ট্রেইন ইওর ড্রাগন ২ (২০১৪) এবং হাউ টু ট্রেইন ইওর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড (২০১৯)।
২০২৫ সালের লাইভ-অ্যাকশন রিমেকটি মূলত ২০১০ সালের অ্যানিমেটেড চলচ্চিত্রটির একটি শট-ফর-শট রিমেক। এটি পরিচালনা করেছেন ডিন ডেব্লোইস, যিনি মূল অ্যানিমেটেড চলচ্চিত্রের একজন সৃজনশীল পরিচালক ছিলেন। মূল অ্যানিমেটেড সিরিজের ভিত্তিতে নির্মিত এ লাইভ-অ্যাকশন রিমেকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ম্যাসন থেমস (হিকআপ) ও নিকো পার্কার (অ্যাস্ট্রিড)। আইএমডিবিতে দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে অ্যানিমেশন সিনেমা ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ সিনেমাটি।
প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্রাঞ্চাইজি ফিরল নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ নিয়ে। এর আগে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির। ২০২৫ সালের একটি আমেরিকান অতিপ্রাকৃত হরর চলচ্চিত্র, যা জনপ্রিয় ফাইনাল ডেস্টিনেশন সিরিজের ষষ্ঠ কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি. স্টেইন।
ফ্র্যাঞ্চাইজি ভক্তদের প্রিয় টনি টড আবারও মর্টিশিয়ান উইলিয়াম ব্লাডওয়ার্থের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির মূল চরিত্র স্টেফানি রেয়েস, একজন কলেজশিক্ষার্থী, যিনি বারবার একটি ভয়ংকর দুঃস্বপ্নে ভুগছেন।
/এমএস