ডিজনি চ্যানেলের জনপ্রিয় টিনএজ শো ‘হান্না মন্টানা’ ২০২৬ সালে এর ২০ বছর পূর্ণ করতে চলেছে। এই মাইলফলক উদযাপন উপলক্ষে বিশেষ কিছু পরিকল্পনা করছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও গায়িকা মাইলি সাইরাস। কেননা ২০০৬ সালে শুরু হওয়া এই শোতে অভিনয় করেই ক্যারিয়ারের মোড় ঘুরে যায় তার।
সম্প্রতি সিরিয়াস এক্সএম-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি এর জন্য সত্যি সত্যিই বিশেষ কিছু পরিকল্পনা করতে চাই, কারণ এটিই ছিল এ সবকিছুর শুরু।’
‘হান্না মন্টানা’ প্রথম প্রচারিত হয় ২০০৬ সালে। এই শোতে কিশোরী পপস্টার মাইলি স্টুয়ার্টের দ্বৈত জীবনের গল্প তুলে ধরা হয়। এ চরিত্রে অভিনয় করেই মাত্র ১৩ বছর বয়সে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান সাইরাস।
শোয়ে তার বাবার চরিত্রে যিনি অভিনয় করেন সেই সংগীতশিল্পী বিলি রে সাইরাস অভিনেত্রীর বাস্তব জীবনেরও বাবা হন। এই সিরিজটি দ্রুত ডিজনি চ্যানেলের অন্যতম সফল শো এবং একটি প্রজন্মের সাংস্কৃতিক অংশে পরিণত হয়। ২০১১ সালে এর সম্প্রচার সমাপ্ত হয়।
আগামী বছর জনপ্রিয় এই সিরিজের ২০ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেক ভক্ত-অনুরাগীদের আশা, সাইরাস হয়তো এ উপলক্ষে জনপ্রিয় গানগুলোর কনসার্ট বা নতুন রেকর্ডিং পুনরায় প্রকাশ করবেন।
তবে জানা গেছে, এই সিরিজের পূর্ণাঙ্গ অভিনয় শিল্পীদের পুনর্মিলনের কোনো সম্ভাবনা আপাতত নেই। আর এমিলি ওসমেন্ট, যিনি শোতে লিলি চরিত্রে অভিনয় করেছিলেন, আগেই চরিত্রে ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
চরিত্রটি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইরাস বলেন, ‘আমি যখন এই চরিত্রে কাজ শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে, এ চরিত্র ত্যাগ করা আমার পক্ষে অসম্ভব। কিন্তু এখন এটিকে এক ধরনের স্মৃতি বা শৈশবের অংশ হিসেবেই দেখি। আমি এখন এই চরিত্রের মাধ্যমে সবার জীবনেই মিশে গেছি।’
তবে এই অভিনেত্রী ও সংগীতশিল্পী ‘হান্না মন্টানা’-এর ২০ বছর পূর্তিকে সামনে রেখে আসলে কি কি পরিকল্পনা সাজাচ্ছেন সে সম্পর্কে এখনো কিছু জানাননি।
/এমএস


.jpg)