টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত সেরা মঞ্চ অভিনেতার পুরস্কার পেলেন মো: এরশাদ হাসান। গত ২৮শে জুলাই, সোমবার বিকাল ৫ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, বিশেষ অতিথি এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ।
এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুহৃদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব এবং সভাপতিত্ব করেন কাদের মনসুর, সভাপতি, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব।
মঞ্চনাটক, পথনাটকে, নির্বাক মঞ্চাভিনয়ে, বেতারে বাচিক অভিনয়ে, টেলিভিশনের চরিত্রাভিনয়ে আবার কখনো নাট্যদলের আর্টিস্টিক ম্যানেজার, প্রশিক্ষক, সংগঠক হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেতা। মঞ্চাভিনয়ের শুরু হয় জাতীয় অধ্যাপক কবির চৌধুরী পরিচালিত থিয়েটার স্কুলের বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন করে।
নাট্যপ্রযোজনার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে ব্যাপক পরিচিতি পান এরশাদ হাসান। গত দুই দশক ধরে বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার পরিচালিত থিয়েটার নাট্যদলের সদস্য ও নাট্যকর্মী হিসাবে একের পর এক নাটকের চরিত্র থেকে চরিত্রে বিচিত্র অভিনয় ও সাংগঠনিক দায়িত্বের এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি।
নাট্যাভিনয় এবং সাংগঠনিক যাত্রা পথে ড. ফরহাদ জামান পলাশ নির্দেশিত স্যামুয়েল বেকেটের এন্ড গেম এর অনুবাদ ‘শেষখেলা’ নাটকের পোশাক পরিকল্পনা, মঞ্চ ব্যবস্থাপনা ও প্রয়োগে কাজ করেছেন এরশাদ হাসান। গিরিশ কারনাডের রচনায়, আশীষ গোস্বামীর অনুবাদে, রামেন্দু মজুমদারের নির্দেশনায় নাটক ‘মাধবী’তে অভিনীত চরিত্র রাজ সেবক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরী নাট্য প্রযোজনা, গোলাম সারোয়ার নির্দেশিত ‘ক্ষেতমজুর খৈমুদ্দিন’ নাটকে রহমত চরিত্র। থিয়েটার প্রযোজিত আব্দুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় ‘মেরাজ ফকিরের মা’ নাটকে গ্যাদা ফকিরের চৌকষ চ্যালা হেকমত চরিত্রে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরী নাট্য প্রযোজনা, আতাউর রহমান নির্দেশিত, ‘রুদ্র রবি ও জালিয়ান ওয়ালাবাগ’ নাটকে অবিশাস্য দক্ষতায় বৃটিশ মেম্বার, দাদা ঠাকুর ও সঞ্জয়রূপত্রয় চরিত্রে অভিনয়।
থিয়েটার প্রযোজিত, ত্রপা মজুমদার নির্দেশিত ‘বারামখানা’ নাটকে লালন সাঁইয়ের প্রধানতম শিষ্য শীতল সাঁই চরিত্র। নায়লা আজাদ নূপুর নির্দেশিত, থিয়েটার প্রযোজিত ‘মুক্তধারা’ নাটকের রাজকুমার সঞ্জয় চরিত্রের পাশাপাশি নাটকটির সার্বিক ব্যবস্থাপনায়ও ছিল প্রশংসনীয় ভূমিকা। জাপানের উচিমূরা পদকপ্রাপ্ত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি প্রযোজনা, ‘একশ বস্তা চাল’ নাটকের বিশেষ চরিত্র। শিগগিরই তিনি অপূর্ব কুমার কুণ্ডুর রচনা ও শুভাশিষ দত্ত তন্ময়ের নির্দেশনায় একটি একক চরিত্রের নাটকে অভিনয় করতে যাচ্ছেন।
তিনি যেমন একাধারে বেতার ও টিভিতে উত্তীর্ণ তালিকাভূক্ত অভিনয় শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয় শিল্পী। একুশে টিভির মেগা ধারাবাহিক জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় ‘ললিতা’ নাটকে কাজ করেছেন এরশাদ হাসান। ম. আ. সালাম রচিত ও মান্নান শফিক পরিচালিত, বিটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘রং তামাশ’ নাটকে অন্যতম চরিত্র।
মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত এ.ডি. দুলাল পরিচালিত ধারাবাহিক নাটকের পাচক চরিত্র। বৈশাখী টিভিতে প্রচারিত পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক বুলবুল আহমেদ পরিচালিত সর্বশেষ ধারাবাহিক ‘বাবার বাড়ী’, জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় একুশে টেলিভিশনের আরো একটি ধারাবাহিক ‘টাট্টু ঘোড়া’ নাটকে তার অভিনয় করেছেন তিনি।
/এমএস