বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ‘অতীত গল্পগুলি’ শিরোনামের এই গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানটির কথা লিখেছেন এফ. এ. মিউজিকের কর্নধার, গীতিকবি ফারুক আনোয়ার।
সুর ও সংগীত পরিচালনা করেছেন এ প্রজন্মের তরুণ ও মেধাবি সংগীত পরিচালক সম্রাট আহমেদ। ইতোমধ্যে এই মিউজিক চ্যানেলটি প্রবীণ শিল্পীদের নিয়ে কাজ করে বেশ প্রশংসিত হয়েছে এবং সংগীতঅঙ্গনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
নতুন গান নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, “বহুদিন পর এমন একটি গান যা আমার মন ছুঁয়ে গেল। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে। ধন্যবাদ জনাব ফারুক আনোয়ার কে যিনি আমার জন্য একটি চমৎকার মনের মত গান লিখেছেন এবং গানের কথাগুলোর গভীরতা ব্যাপক। সম্রাট আহমেদের দক্ষ সুর ও সংগীত আয়োজন গানটিতে ভিন্নতা এনেছে।’
গীতিকবি ফারুক আনোয়ার বলেন, গানটি আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনকে মনে নিয়েই লিখেছি তাই বিভিন্ন প্রেক্ষাপট গানটিতে সংযোগ করতে হয়েছে। গানের কথাগুলো সাবিনা ইয়াসমিনের মত সংগীত ব্যক্তিত্বের কাছে ভালো লাগায় আমি ধন্য।
গানটির সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ জানান, গানটি যখন ফারুক আনোয়ার স্যার আমাকে সাবিনা ইয়াসমিন ম্যাম এর জন্য সুর করতে বললেন তখন আমি স্মরণ করেছি কিংবদন্তী সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারকে। কারন সাবিনা ইয়াসমিন ম্যাম এর অধিকাংশ গানই আলাউদ্দিন আলী স্যার এর সুর ও সংগীতে বিখ্যাত। আমি চেষ্টা করেছি তেমন অরক্রেশটেশন করে গানটি করার। আশা করি গানটি প্রকাশ পেলে আপনারা একটু ব্যতিক্রম কিছুই পাবেন।
/এমএস