চিত্রনায়িকা ফারিন খান। জাজ মাল্টিমিডিয়ার সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর আর সিনেমায় দেখা যায়নি তাকে। তবে বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রেও কাজের ব্যস্ততা রয়েছে তার। অভিনয় নিয়ে বর্তমান ব্যস্ততাসহ নানা বিষয় নিয়ে খবরের কাগজের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন এ মিজান
কাজ নিয়ে ব্যস্ততা কেমন?
সম্প্রতি মুশফিক আর ফারহান ভাইয়ের সঙ্গে দুটি নাটকের কাজ শেষ করলাম। দুটি নাটকই পরিচালনা করেছেন রুবেল আনুশ ভাই। একটির নাম ‘রঙ নাম্বার’, আরেকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। দুটি নাটকের গল্পই রোমান্টিক ঘরানার। এ ছাড়া এখনতো নাটকের অফ সিজন চলছে। খুব বেশি কাজও হচ্ছে না। তাই অভিনয়ের চেয়ে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি বেশি। ফটোশুটের পাশাপাশি বিভিন্ন ওভিসিতে কাজ করছি নিয়মিত। এ ছাড়া আমি প্যারাস্যুটের সঙ্গে তিন বছরের চুক্তি করেছি। ইতোমধ্যেই প্রায় দেড় বছর শেষ হয়েছে।
কয়েকদিন আগে আমার অভিনীত ‘খুনসুটি’ নামে একটি নাটক প্রকাশ পেয়েছে। এতে আমি আর শ্বাশ্বত দত্ত একসঙ্গে অনেকদিন পর কাজ করলাম। নাটকটিতে দর্শকদের ভালো রেসপন্স পাচ্ছি। শিগগিরই সোহেল মণ্ডলের সঙ্গে ‘মেঘছায়া’ নামে একটি নাটক প্রকাশ পাবে।
মধ্যরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনি সাইবার ব্ল্যাকমেইলের শিকার।
ব্যক্তিগত কোনো বিষয়?
এই স্ট্যাটাসের জন্য অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনাটা আসলে আমার ফেসবুক পেজকেন্দ্রিক। আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। ওখান থেকে যে টাকাটা ইনকাম হয়, সেটা অন্যজনের অ্যাকাউন্টে যায়। যদিও পেজ আমিও চালাতে পারি, কিন্তু টাকা আমার অ্যাকাউন্টে আসে না। বিদেশি একজন হ্যাকার এই কাজটি করেছেন। এই সমস্যাটা সমাধানের পথে। তাই কিছুটা স্বস্তি পাচ্ছি।
সিনেমা দিয়ে আপনার ক্যারিয়ার শুরু হলেও আর সিনেমায় আপনাকে দেখা যায়নি কেন?
আমি যখন নাটকে কাজ করি তখন নির্মাতারা আমাকে বলেন, আমি নাকি কমার্শিয়াল সিনেমার ম্যাটেরিয়াল। আর বাংলাদেশে তো নায়িকা সংকট। সিনেমার কাজের প্রস্তাব নিয়মিত পাই। কিন্তু আমিই করছি না। আলোচিত ‘দাগি’ সিনেমার কাজের প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু কাজটি করিনি। এ ছাড়া পূজা ও আদর আজাদ অভিনীত একটি সিনেমাসহ আরও কয়েকটির প্রস্তাব পেয়েও না করেছি। কারণ আমি যখন প্রথম সিনেমায় অভিনয় করি তখন খুবই ছোট ছিলাম। আমার ম্যাচিউরিটি তেমন ছিল না। সিনেমায় কাজ করাটা একেবারেই আমার মায়ের ইচ্ছেতে হয়েছিল।
এরপর আমি করোনার সময়ে প্রাচ্যনাট থেকে অভিনয়ের ওপর একটি কোর্স করেছি। তখন থেকে আমার মনে হয়েছে, আমি আসলে সিনেমায় অভিনয়ের জন্য এখনো পারফেক্ট নই। তাই বেশি বেশি নাটকে অভিনয় করছি। নিজেকে ভালোভাবে প্রস্তুত করছি। ইচ্ছে আছে আগামী বছর সিনেমায় কাজ করব। এখন আত্মবিশ্বাসটাও বেড়েছে। এ ছাড়া তমা মির্জা, সুনেরাহ ও পূজা চেরি তারা খুবই ভালো অভিনেত্রী। সিনেমাগুলোতে আমার চেয়ে তারা ভালো কাস্টিং ছিল।
মিডিয়ায় আপনার প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন আছে। এটা কতটা সঠিক?
আসলে ইন্ডাস্ট্রির কারও সঙ্গে আমার কোনো প্রেম নেই। এটাতো আমার নিজের ঘর। তাই নিজের ঘরে প্রেম করার কিছু নেই। আমার জীবনে হাতে গোনা দুই-তিনটা প্রেম করেছি। তাও সেগুলো ছিল লংটাইম। সেই সম্পর্কগুলো মিডিয়ার বাইরে। একটা সময় সম্পর্কগুলো আর ওয়ার্ক করেনি তাই হয়তো টেকেনি। আমি এখন পুরোপুরি সিঙ্গেল। এখন আমি কারও সঙ্গে প্রেম করছি না। আর আপাতত প্রেম বা বিয়ে নিয়ে কিছু ভাবছি না। এখন আমার সব ফোকাস কাজ নিয়ে। কারণ অভিনয়টা উপভোগ করছি।
/এমএস