গত ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিডনি সুইনি অভিনীত বায়োপিক ‘ক্রিস্টি’। এই সিনেমায় মার্কিন বক্সার ক্রিস্টি মার্টিনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যদিও মুক্তির পর সপ্তাহ শেষে বক্স অফিস আয়ে মুখ থুবড়ে পড়েছে ডেভিড মিচোড পরিচালিত সিনেমাটি। তবে আয়ের দিক দিয়ে ব্যর্থ হলেও এই হলিউড তারকা জানিয়েছেন, বক্স অফিসে দুর্বল সূচনা সত্ত্বেও তিনি তার নতুন ছবি ক্রিস্টি নিয়ে ‘ভীষণভাবে গর্বিত’।
ছবিতে আলোচিত মার্কিন বক্সার ক্রিস্টি মার্টিনের ভূমিকায় অভিনয় করেছেন সুইনি, যিনি নিজের স্বামী ও প্রশিক্ষক জেমস মার্টিনের হত্যাচেষ্টার হাত থেকে বেঁচে যান। ডেডলাইন-এর প্রতিবেদনে জানা যায়, প্রায় ১৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই ছবিটি মুক্তির পর গত সোমবার পর্যন্ত মাত্র ১.৩ মিলিয়ন ডলার আয় করেছে।
সোমবার ইনস্টাগ্রামে এক পোস্টে ছবিটি নিয়ে সুইনি লেখেন, ‘আমি এই ছবির জন্য ভীষণভাবে গর্বিত। ক্রিস্টি মার্টিনের মতো শক্তিশালী ও অনুকরণীয় একজন মানুষকে পর্দায় তুলে ধরা আমার জীবনের অন্যতম সেরা সম্মান। এই ছবিটি বেঁচে থাকা, সাহস এবং আশার প্রতীক।’
সুইনি উল্লেখ করেন, এই ছবির মাধ্যমে সমানভাবে ঘরোয়া সহিংসতা নিয়ে সচেতনতা এবং প্রচারণাও চালানো হচ্ছে। তার ভাষায়, ‘আমরা বিশ্বাস করি, ক্রিস্টির গল্প জীবন বাঁচাতে পারে। যদি এই ছবিটি একজন নারীকে নিরাপত্তার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস জোগায়, তাহলেই আমাদের কাজ সফল।’
বক্স অফিসের হতাশাজনক ফলাফল সম্পর্কে সুইনি লেখেন, ‘আমরা সব সময় টাকার জন্য শিল্প সৃষ্টি করি না, প্রভাবের জন্যও করি। আর ক্রিস্টি আমার জীবনের সবচেয়ে প্রভাবশালী প্রকল্প। ধন্যবাদ ক্রিস্টি, আমি তোমাকে ভালোবাসি। উল্লেখ্য, মুক্তির পর ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছে।
সুইনির চলচ্চিত্র ক্যারিয়ারে এর আগেও সাফল্য ও ব্যর্থতা দুই-ই এসেছে। তার প্রযোজিত ২০২৩ সালের রোমান্টিক কমেডি ‘এনিওয়ান বাট ইউ’ বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ২০২৪ সালে মুক্তি পাওয়া হরর ছবি ‘ইম্যাকুলেট’ও আয়ের রেকর্ড গড়েছিল। তবে সুইনির ‘ইডেন’ এবং ‘আমেরিকানা’ ছবি দুটি বক্স অফিসে তেমন ভালো সাড়া ফেলতে পারেনি।
/এমএস