বিশ্বখ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ গত ১৬ নভেম্বর সম্মানসূচক অস্কার গ্রহণ করেছেন। চলচ্চিত্র নির্মাতা আলেজান্দ্রো জি. ইনারিতু বহুল আকাঙ্খিত এই পুরস্কারটি তার হাতে তুলে দেন। আরো জানা গেছে, ২০২৬ সালের অক্টোবরে নির্মিত হতে যাওয়া ইনারিতুর পরিচালনায় শিরোনামহীন একটি প্রকল্পেও অভিনয় করবেন ক্রুজ।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, পুরস্কার গ্রহণ করে মঞ্চে এই তারকা চলচ্চিত্রশিল্পের হাজারো কর্মী, শিল্পী, লেখক এবং কলাকুশলীকে ধন্যবাদ জানান। যারা পর্দার নেপথ্যে থেকে কাজ করেন, শিল্পকে এগিয়ে নিয়ে যান। তিনি বলেন, ‘সিনেমাই আমাকে বিশ্বজুড়ে পৌঁছে দিয়েছে। এটি আমাকে পার্থক্যগুলো বুঝতে সাহায্য করে এবং আমরা যে কতভাবে একতাবদ্ধ থাকতে পারি সেটাই দেখায়। থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে আশা করি- এটাই এই শিল্পের শক্তি। সিনেমা বানানো শুধু আমার কাজ নয়, এটাই আমার পরিচয়, এটাই আমি।’
এ ছাড়া শৈশবের স্মৃতিচারণ করে ক্রুজ জানান, কখন থেকে সিনেমার প্রতি তার ভালোবাসার শুরু। এই তারকা বলেন, ‘একটি অন্ধকার থিয়েটারে শিশু অবস্থায় বসে থাকা, আর প্রজেক্টরের আলোকে বাতাসে ছুটতে দেখা- এই অভিজ্ঞতা আমাকে এমন এক জগতে নিয়ে গিয়েছিল যা আমার কল্পনারও বাইরে। সেই আলো আমার কল্পনাকে নতুন সম্ভাবনার দিকে উন্মুক্ত করেছিল এবং তখন থেকেই আমি সেই ‘‘আলোর রশ্মি’’র পিছনে ছুটে চলেছি।’
উল্লেখ্যযোগ্য বিষয় হলো, এর আগেও ক্রুজ মোট চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, যার মধ্যে একবার প্রযোজক হিসেবে। কিন্তু কোনোবারই পুরস্কার হাতে ওঠেনি তার। অবশেষে সম্মানসূচক এই অস্কার তাকে সেই কিংবদন্তিদের সারিতে স্থান করে দিল, যাদের দেখে তিনি বড় হয়েছেন। সঙ্গে জীবনের একটি ‘আক্ষেপ’ও হয়তো ঘোচালেন তিনি।
এ দিনের জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন জেনিফার লরেন্স, লিওনার্দো ডিক্যাপ্রিও, সিডনি সুইনি, ডোয়াইন জনসন, এমা স্টোনসহ আরও অনেক তারকা।
/এমএস