জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে হুমকি ও ভয় দেখানোর অভিযোগে করা মামলার বিষয়ে জবাব দাখিলের জন্য আদালতে সময় পেলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নম্বর-৩ এ মামলায় জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। বদলি জনিত কারণে বিচারক না থাকায় শুনানি হয়নি। আগামি ১২ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
গত ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। মামলার বিবরণে জানা যায়, বাদীর (আমিরুল ইসলাম) সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মেহজাবীনের। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হতে ২৭ লাখ টাকা দেন তিনি। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি। ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজ দেব, কাল দেব বলে সময় পার করে আসছেন। এ বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিসান ১৬ মার্চ বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তাকে মেরে ফেলার হুমকি দেন। তখন বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। তখন তিনি আদালতে মামলা করেন।
এ ঘটনায় আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলাটি দায়ের করেন।
এম এ জলিল উজ্জ্বল/