অবন্তী সিঁথি দেশের সংগীতাঙ্গনের এই প্রজন্মের ভীষণ মিষ্টি আর সুরেলা কণ্ঠের একজন সংগীতশিল্পী, যিনি কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণায় শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পুরস্কারের জন্য চূড়ান্ত হয়েছেন। যদিও এখনো সেই পুরস্কার প্রদানের কোনো নির্ধারিত দিন-তারিখ চূড়ান্ত হয়নি। তবে অবন্তী সিঁথির খুব ইচ্ছে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা লন্ডন থেকে এসে সরাসরি গ্রহণ করতে।
সিঁথি জানে না তার ভাগ্যে কি আছে। তবে সিঁথি জানে, চাঁদে থাকে জোছনা। আর তাই ‘চাঁদে থাকে জোছনা’ শিরোনামের একটি গানে কণ্ঠও দিয়েছিলেন তিনি বেশকিছু দিন আগে। গানটি চার দিন আগে ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ, মিউজিক করেছেন রেজওয়ান শেখ। গানটির নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন উজ্জ্বল খান। মিষ্টি কথা ও সুরের এই গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান অবন্তী সিঁথি।
লন্ডন থেকে অবন্তী সিঁথি বলেন, ‘গানটিতে ঠিক কবে ভয়েজ দিয়েছিলাম মনে নেই, তবে গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছিল। গানটি প্রকাশের পর নিজেও বেশ কয়েকবার শুনেছি–নিজের গান তো নিজের কাছে ভালো লাগবেই, শ্রোতাদেরও ভালো লাগছে দেখে শান্তি লাগছে। দেশে নেই, তার পরও জমে থাকা গানগুলো যখন হঠাৎ হঠাৎ প্রকাশ পায় তখন বেশ ভালো লাগে। ধন্যবাদ এই গানের গীতিকার, সুরকারসহ এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন, তাদের প্রত্যেককে।’
প্রসঙ্গত, অবন্তী সিঁথি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সিলেটের মেজর টিলার ছেলে অমিত দে’কে বিয়ে করেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সিঁথি কন্যাসন্তানের মা হন, নাম রেখেছেন অনুশ্রী। উল্লেখ্য, সুড়ঙ্গ সিনেমার ‘গোটা পৃথিবীতে খুঁজো’ গানের জন্য সিঁথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চূড়ান্ত হয়েছেন। তার কণ্ঠের জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো–‘রূপকথার জগতে’, ‘ রাগ কমলে ফোন করিস’, ‘এতো প্রেম এতো মায়া’, ‘তুমি কী আমার বন্ধু হবে’, ‘আমার হয়ে থেকো’ ইত্যাদি।


.jpg)