১৫ আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক অপপ্রচার শনাক্ত করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার।
ধানমন্ডি ৩২-এ বোমাবর্ষণ দাবিতে চাঁপাইনবাবগঞ্জের পুরোনো ভিডিও প্রচার
গতকাল রাতে ‘ব্রেকিং: এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ জঙ্গি হামলা, একের পর এক বোমা বর্ষণ’ দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ধানমন্ডি ৩২-এ বোমাবর্ষণের কোনো ঘটনার নয়, বরং গত ২৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় রাজনীতিতে পূর্বশত্রুতার জেরে ককটেল বিস্ফোরণের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন দাবিতে পুরোনো ছবি প্রচার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শত শত মানুষের শ্রদ্ধা নিবেদন দাবিতে দুটি ছবি ব্যাপকভাবে প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি দুটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৯ ও ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার
১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত ডিসেম্বরে ধানমন্ডিতে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
১৫ আগস্ট ঘিরে গুলিস্তানে আ.লীগের সম্মেলন দাবিতে পুরোনো ভিডিও প্রচার
সম্প্রতি ‘১৫ আগস্টকে ঘিরে আজ গুলিস্তানে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বিশাল মহাসম্মেলনে লাখো মানুষের ভিড়’ শীর্ষক দাবি সম্বলিত একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ১৫ আগস্ট উপলক্ষে গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্প্রতি কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালের ডিসেম্বরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন চলাকালে চ্যানেল২৪-এ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন।
১৫ আগস্ট উপলক্ষে নরেন্দ্র মোদি থেকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অনুমতিপত্র পাওয়ার দাবিটি বানোয়াট
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘Tamanna Akhter Yesman’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে নরেন্দ্র মোদির ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারত সরকারের কাছে ৭ আগস্ট একটি আবেদন করেছিলাম এর প্রেক্ষিতে আজ (১৪ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে অনুমতিপত্র পেয়েছি।’
অর্থাৎ দাবি করা হয়েছে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে মোদির সঙ্গে করমর্দনরত নারী তামান্না আক্তার ইয়াসমান।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দনরত নারীর নাম তামান্না আক্তার ইয়াসমান নয়, তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা-বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি।
প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালে নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করার সময়ের ছবি এবং ছবিতে মোদির সঙ্গে করমর্দনরত নারী সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা-বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি। এ ছাড়া, শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে নরেন্দ্র মোদির কাছ থেকে অনুমতিপত্র নেওয়ার মতোও কোনো ঘটনা ঘটেনি।
ভারত থেকে শোক দিবস পালনের আহ্বান দাবিতে শেখ হাসিনার বক্তব্যের পুরোনো ভিডিও প্রচার
সম্প্রতি ভারত থেকে জাতির উদ্দেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার বক্তব্যের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ১ আগস্ট কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনার বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আওয়ামী লীগের ফেসবুক পেজে ২০২৪ সালের ১ আগস্টের একটি লাইভ ভিডিওতে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের অংশের সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।
ড. ইউনূস ১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানাননি, প্রচারিত ভিডিওটি ডিপফেক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৫ আগস্টে শোক পালনের আহ্বান জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে।
ভিডিওটিতে ড. ইউনূসের কথিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের যে ১৬ জন। পরিবার এবং দুইজন বাইরের বোধহয়। একজন কর্নেল জামিল আরেকজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। কারণ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭টি বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কীভাবে ফাইট করেছে, একটা ফাইট তো হলো নয় মাসের যুদ্ধ, সেটা না, তার আগে রাজনৈতিক যুদ্ধ সেটা। অতএব যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে, মন্দিরে এবং ঘরে বসে হলেও..’
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৫ আগস্ট শোক পালনের বিষয়ে সম্প্রতি কোনো বক্তব্যই দেননি ড. ইউনূস বরং ছড়িয়ে পড়া ভিডিওটি এক বছর আগের। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের এই ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া অডিও যুক্ত করে ড. ইউনূসের বক্তব্য দাবিতে প্রচার হচ্ছে।
ধানমন্ডিতে গণজমায়াতের দৃশ্যটি শিক্ষার্থীদের, মুজিবপ্রেমীদের নয়
ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ১৫ আগস্টের জাতীয় ছুটি বাতিল করে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানান। জয়ের এই আহ্বানকে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র দাবি করে ১৫ আগস্ট রাজপথে থাকার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে ১৪ আগস্ট সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি-৩২ সহ আশপাশের এলাকায় অবস্থা নেয় প্রতিবাদী ছাত্র-জনতা। এসবের মধ্যে ফেসবুকে একটি ভিডিও প্রচার করে লাখ লাখ মুজিবপ্রেমী ১৫ আগস্ট প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২-এ জমায়েত হয়েছেন বলে দাবি করা হয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ১৫ আগস্ট লাখ লাখ মুজিবপ্রেমীর ধানমন্ডি ৩২-এ জমায়েত হওয়ার দৃশ্য নয় বরং ১৪ আগস্ট রাতে ধানমন্ডি ২৭-এ রাপা প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’-এর কর্মসূচির দৃশ্য।
ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট কনসার্টের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়
গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের জাতীয় ছুটি বাতিল করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তার ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করছিল, এমন খবর পেয়ে ছাত্র-জনতা আগে থেকেই ধানমন্ডির আশপাশের এলাকায় অবস্থান নেয়। এরই প্রেক্ষিতে, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ কনসার্টের সরাসরি ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এর কনসার্ট দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ২০২৩ সালে ইতালির রোমে র্যাপার ট্র্যাভিস স্কটের একটি কনসার্টের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘Daniele Lombardo’ নামের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১২ আগস্ট ‘Travis Scott – FEIN Live – Utopia tour Rome, Italy (CRAZIEST MOMENT – MOSH PIT) 4K HDR’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বেশ কিছু অংশের মিল পাওয়া যায়। এ ছাড়া, ভিডিওটির বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে ‘Circum Maximus, Circo Massimo, Roma, Italy – 07/08/2023’। মূলত, ভিডিওটি হরিজন্টালি ফ্লিপ করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
সালমান/