পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)।
রবিবার (৪ ফেব্রুয়ারি) তাকে ভারতের মিরাট থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তের নাম সত্যেন্দ্র সিওয়াল। তিনি হাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে কাজ করেন।
তাকে গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়।
মস্কোতে ভারতীয় দূতাবাসে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সামরিক প্রতিষ্ঠানের কৌশলগত কার্যক্রম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন বলে অভিযোগ রয়েছে।
এটিএস এক বিবৃতিতে জানায়, তারা গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। তথ্য অনুযায়ী, আইএসআই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিল। এই তথ্য সংগ্রহ ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
গ্রেপ্তারের পর সত্যেন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য মিরাটের এটিএস ফিল্ড ইউনিটে ডাকা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
সত্যেন্দ্র সিওয়াল ২০২১ সাল থেকে মস্কোর ভারতীয় দূতাবাসে ভারতভিত্তিক নিরাপত্তা সহকারী (আইবিএসএ) হিসেবে কাজ করছেন। সূত্র: এনডিটিভি
সাদিয়া নাহার/অমিয়/