বেশ কয়েকটি পশ্চিমা দেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প জর্জিয়ার আটলান্টায় সমর্থকদের উদ্দেশে বলেন, ‘পুতিন আরও একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন।’ ট্রাম্পের মতে, চুক্তিটি ওয়াশিংটনের জন্য উদ্বেগজনক। এ রাজনীতিবিদ জোর দিয়ে আরও বলেন, ‘আমরা আমাদের লোকদের ফিরে পেয়েছি, কিন্তু আমরা কিছু ভয়ানক চুক্তি করেছি।’
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ১ আগস্ট জানায়, ন্যাটোর সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশে আটক থাকা বা দোষী সাব্যস্ত হওয়া আট রুশ নাগরিকের পাশাপাশি দুই নাবালক দেশে ফিরেছে। আঙ্কারার বিমানবন্দরে পরিচালিত বন্দিবিনিময়ের পর তারা দেশে ফিরল। তাদের মধ্যে একজনের নাম ভাদিম ক্রাসিকভ। তিনি রাশিয়ার নাগরিক। তিনি জার্মানিতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘বন্দিবিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ১৬ জনকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সেনা পল হুইলান এবং ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্শকোভিচ রয়েছে। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়।’ সূত্র: এএফপি