মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সরকারের পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদমাধ্যমের তহবিলও বাতিল করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) এই পদক্ষেপ নেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে ভয়েস অব আমেরিকার (ভিওএ) কার্যক্রম একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ট্রাম্প প্রশাসন চলতি বছরের শুরুতে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএনএজিএম) এবং এর অধীনস্থ অন্যান্য সংবাদমাধ্যমে কর্মী কমানোর নির্দেশ দিয়েছিল। এ কারণে ভয়েস অব আমেরিকাসহ প্রায় ৫০টি ভাষায় সম্প্রচার করা মিডিয়া প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তন এসেছে।
ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এই প্রথমবারের মতো ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে। তিনি বলেন, ‘এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কাজ করেছিল এবং এটি বন্ধ হওয়ায় আমি গভীরভাবে দুঃখিত।’
বাধ্যতামূলক ছুটির অংশ হিসেবে ভয়েস অব আমেরিকার প্রায় ১ হাজার ৩০০ সাংবাদিক, প্রযোজক ও অন্যান্য কর্মীকে ছুটি পাঠানো হয়েছে। যা এর কার্যক্রমকে প্রায় অকার্যকর করে দিচ্ছে।
এ ছাড়া ইউএসএজিএম-এর অধীনস্থ আরও দুটি সংবাদমাধ্যম- রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দও বাতিল করা হয়েছে।রেডিও ফ্রি ইউরোপ পূর্ব ইউরোপ ও ইউক্রেনসহ অন্যান্য দেশের মধ্যে জনপ্রিয় এবং রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়া অঞ্চলে শুনে থাকে।
গত শুক্রবার ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেন। যেখানে ইউএসএজিএম এবং আরও ছয়টি সংস্থাকে তাদের কার্যক্রম সীমিত করার নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, সরকারি আমলাতন্ত্রকে সংকুচিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে ভয়েস অব আমেরিকা ১৯৪২ সালে নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বের প্রায় ৩৬ কোটি মানুষ এই সংস্থার সম্প্রচার শোনে। সূত্র: রয়টার্স
তাওফিক/