আবারও প্যারোলে ছাড়া পেয়েছেন ধর্ষণকান্ডে অভিযুক্ত ভারতের ডেরা সচ্চা সৌদার প্রধান ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংহ (৫৭)।
গত এক বছরে পাঁচবার তার প্যারোল মঞ্জুর করেছে হরিয়ানার বিজেপি সরকার। ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনি মোট ১৪২ দিন প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন।
হরিয়ানা সরকার তাকে ২১ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছে। এর আগে জানুয়ারির শুরুতেও রাম রহিম ৩০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। এ নিয়ে এক বছরে চার মাসই প্যারোলে মুক্ত ছিলেন তিনি।
২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাম রহিম মোট ১৪২ দিন প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩২৬ দিন জেলের বাইরে ছিলেন রাম রহিম।
স্বঘোষিত এই ধর্মগুরু, গায়ক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ২০০২ সালে ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংয়ের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। যদিও গত মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বেকসুর খালাস করেছেন রাম রহিমকে।
তবে আশ্রমের ভেতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন তাকে। বর্তমানে রোহতকের সুনিয়া জেলে রয়েছেন তিনি।
মেহেদী/