কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলার পর এই উপত্যকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। এবার ভারতীয় সেনাবাহিনী পাহালগাম হামলার সঙ্গে যোগ রয়েছে এমন সন্দেহে কাশ্মীরের কুলগাম জেলায় আরও দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে কুলগামে অভিযানকালে ওই দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেয়।
ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিযানে ওই জঙ্গিদের ধরা যায়নি। পাহালগাম হামলার সঙ্গে তাদের যোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি কুলগামের কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। জঙ্গিদের কাজে তারা সহযোগিতা করেছিল বলে অভিযোগ।
প্রতিবেদনে আরও বলা হয়, কুলগামে শনিবার সকালে যার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার নাম জাকির আহমেদ গনি। সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নিরাপত্তা বাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালায়।
তদন্তকারীদের ধারণা, পাহালগামে পর্যটকদের ওপর যে হামলা হয়েছে, তার সঙ্গে সরাসরি যোগ না থাকলেও নেপথ্যে থেকে কাজ করেছিলেন এই জাকির। হামলার পরিকল্পনায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। হামলার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন।
পুলওয়ামায় আহসান আল হক শেখ নামের আরও এক সন্দেহভাজন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামার মুরান গ্রামে তিনি থাকতেন। বুলডোজার দিয়ে শুক্রবার রাতে তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে শুক্রবার পাহালগামে হামলাকারী দুই জঙ্গি আদিল হুসেন ঠোকর এবং আসিফ শেখের বাড়ি ভেঙে দেওয়া হয়। গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। আর শুক্রবার আসিফের বাড়িটি ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। তার পর শনিবার ভাঙা হলো অন্যতম সন্দেহভাজন জাকিরের বাড়িও।
পাহালগামে জঙ্গি হামলায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক ছিলেন।