ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদের পারমাণবিক অস্ত্রাগার তত্ত্বাবধানকারী শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) সঙ্গে এক জরুরি বৈঠক ডেকেছেন।
শনিবার (১০ মে) তিনি এ বৈঠকের আহ্বান জানান বলে পিটিভি নিউজের বরাতে পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
এনসিএতে বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রয়েছেন। এটি পারমাণবিক ওয়ারহেডের বিষয়ে শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
ভারত ও পাকিস্তান বর্তমানে যুদ্ধের মতো পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে। ইসলামাবাদ ক্রমাগত ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো এবং বেসামরিক জনবসতিকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে।
এদিকে ভারতও পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান ঘাঁটিতে আক্রমণ শুরু করেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে বুধবার দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।
প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
ভারত বলেছে, তাদের নির্ভুল হামলায় সামরিক স্থাপনা এবং বেসামরিক লোকদের লক্ষ্য করা হয়নি। এ হামলা সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। তবে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন তীব্র করে, তার পর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের নির্বিচার গোলাগুলিতে এক ডজনেরও বেশি ভারতীয় বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।
প্রতিশোধ হিসেবে ভারত বেশ কয়েকটি হামলা চালিয়েছে এবং পাক বিমান ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। উভয় দেশের মধ্যে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। সূত্র: ডন ও জাগরণ ইংলিশ