ইরানে ইসরায়েলি হামলার ছয় দিনে কমপক্ষে ৬৩৯ জন নিহত এবং এক হাজার ৩২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।
ইরানে ২০২২ সালে মাহসা আমিনের মৃত্যুর প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যান দিয়েছিল এই হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।
মানবাধিকার গোষ্ঠীটি বলেছে যে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন।
ইরানের স্থানীয় প্রতিবেদনের সঙ্গে হতাহতের সংখ্যার তুলনা করে দেশটিতে গড়ে ওঠা একটি সূত্রের নেটওয়ার্কের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
ইসরায়েলের চলমান তীব্র হামলায় ইরান নিয়মিত নিহতের সংখ্যা জানায়নি। তাদের সর্বশেষ আপডেটে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২২৪ জন এবং আহত হয়েছেন এক হাজার ২৭৭ জন।
এদিকে, এক্সে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের ‘বিমান বাহিনী এখন তেহরান এবং ইরানের অন্যান্য অঞ্চলে আক্রমণের একটি ঢেউ শুরু করেছে।’
অন্যদিকে, বুধবার রাতেও ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল বলছে, তারা ইরানের প্রায় ৮-৯টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। কিছু ধ্বংসাবশেষ খোলা জমিতে পড়ে, ফলে কিছু আগুন লেগে যায়।
ইরান এই সংঘাতের শুরুতে ইসরায়েলে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তার তুলনায় এখন অনেক কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এর কারণ হিসে ইসরায়েলিরা বলেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা ধ্বংস করে দিয়েছে, অথবা ইরান তার কিছু অস্ত্র মজুদ রেখেছে, কারণ তারা দীর্ঘ লড়াইয়ের জন্য এগুলো ধরে রাখতে চায়। - আল-জাজিরা
অমিয়/