থাইল্যান্ডের রাজপরিবার থেকে নির্বাসিত রাজপুত্র ভাচারাসর্ন বিবাচারাওংস সোমবার (২৮ জুলাই) তার পিতার রাজা মহা ভাজিরালংকর্ণের জন্মদিন উপলক্ষে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।
১৯৯৬ সালে এই রাজপুত্রসহ থাই রাজার আরো তিন ছেলে এবং এক মেয়েকে (রাজকুমারী সিরিভান্নাভারী) রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করা হয়।
কিন্তু সম্প্রতি ব্যাংককে বৌদ্ধ সন্ন্যাস হিসেবে দীক্ষা নিয়ে আবার সংবাদের শিরোনামে আসেন ৪৩ বছর বয়সী এই সন্ন্যাসী রাজপুত্র।
পিতার জন্মদিন উপলক্ষে ছোটবেলায় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ভাচারাসর্ন। ছবিটিতে দেখা যায়, পিতার হাত ধরে তিনি দাঁড়িয়ে আছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে রাজার উদ্দেশে থাই ভাষায় তিনি লিখেন, ‘আমি বিনীতভাবে আমার শুভকামনা জানাই। রাজা যেন দীর্ঘজীবী হন। শুভ জন্মদিন, প্রিয় পিতা।’
ভাজিরালংকর্ণ রাজার সাবেক স্ত্রী সুজারিনি বিবাচারাওংসের গর্ভে জন্মগ্রহণ করেন। বহু বছর আগেই রাজপুত্র ভাচারাসর্ন ও তার তিন ভাইকে তাদের মায়ের সঙ্গে রাজপরিবারের পদবি ও মর্যাদা থেকে বঞ্চিত করে নির্বাসনে পাঠানো হয়েছিল। পরে তারা যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন।সুজারিনি বিবাচারাওংসে একজন নামকরা অভিনেত্রী ছিলেন।
অনেকে মনে করেন, সম্প্রতি ভাচারাসর্নের দেশে ফেরা ও বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ তার পিতার অনুগ্রহ পাওয়ার একটি প্রচেষ্টা হতে পারে।
থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ণ বর্তমানে ৭২ বছর বয়সী। তিনি চারবার বিয়ে করেছেন। বর্তমানে তার এক রানি ও এক রাজসঙ্গিনী রয়েছেন, যা রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। এটি থাই সিংহাসনের উত্তরাধিকারের সমীকরণকে আরো জটিল করে তুলেছে।
সব রানি মিলিয়ে রাজা মহা ভাজিরালংকর্ণের পাঁচ পুত্র ও দুই কন্যা রয়েছে। দেশটির উত্তরাধিকার আইন অনুযায়ী, শুধু রাজার পুত্ররাই সিংহাসনের উত্তরসূরি হতে পারেন। এই হিসেবে তার একমাত্র সরকারি স্বীকৃত পুত্র রাজপুত্র দিপাংকর্ণ থাই সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী।
তবে ধারণা করা হয়, রাজপুত্র দিপাংকর্ণ গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যা তার রাজত্ব পাওয়ার পথে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে।
এদিকে রাজার জ্যেষ্ঠ কন্যা, রাজকুমারী বাজরাকিতিয়াভাও সিংহাসনের উত্তরাধিকারী হতে পারেন, যদি রাজা উত্তরাধিকারের আইন পরিবর্তন করে নারী উত্তরসূরিকে অনুমোদন দেন। কিন্তু সেই রাজকুমারীও ২০২২ সাল থেকে কোমায় আছেন এবং তার বর্তমান অবস্থা নিয়ে তেমন কিছু জানা যায় না।
এই প্রেক্ষাপটে ভাচারাসর্নের দেশে ফেরা, সন্ন্যাস গ্রহণ ও পিতাকে জন্মদিনে আবেগভরা শুভেচ্ছা—সব মিলিয়ে অনেকে মনে করছেন, তিনি হয়তো রাজপরিবারে পুনর্বাসনের পথে রয়েছেন।
এদিকে, রাজা মহা ভাজিরালংকর্ন, এখন ৭২ বছর বয়সী। তিনি তার বাবা রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর ২০১৬ সালে থাই সিংহাসনে আরোহণ করেন। আনুষ্ঠানিকভাবে রামা এক্স নামে পরিচিত তার ব্যক্তিগত উশৃঙ্খল জীবন নিয়ে প্রায়শই বিতর্কিত হন। এছাড়া, জীবনের বেশিরভাগ সময়ই তিনি মূলত জার্মানিতে বসবাস করেছেন।
এদিকে, থাই রাজার বৌদ্ধ সন্ন্যাসী রাজপুত্র ভাচারেসর্ন বিভাচারওংয়ের ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আশা এবং সন্ন্যাসী হিসেবে অভিষেক তার রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু করেছে। অনেকেই বলছেন, তার এই পদক্ষেপের পেছনে রাজকীয় সমর্থন থাকতে পারে এবং থাইল্যান্ডের অনিশ্চিত রাজকীয় উত্তরাধিকারের উপর এটির গভীর প্রভাব থাকতে পারে।
ভিভাচারাওংসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়া, যাকে সাধারণত থান উন বলা হয়, থাইল্যান্ডের পরবর্তী রাজা কে হবেন তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু করেছে। এছাড়া,থাইল্যান্ডে রাজপরিবারের পুরুষ সদস্যদের রাজকীয় দায়িত্ব গ্রহণের আগে বৌদ্ধ মঠে সময় কাটানোর প্রথা রয়েছে। অনেক পর্যবেক্ষক তার এই পদোন্নতিকে সেটিরই একটি সংকেত হিসেবে দেখছেন।
সুলতানা দিনা/