ভারতের দিল্লির পাশেই গুরগাঁওয়ে একটি স্কুলের ২০ বছর বয়সী ছাত্রকে তার বন্ধুরা খুন করে মরদেহ স্কুলের বাথরুমে ফেলে রাখে। দুই বন্ধুকে তাদের চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় এই হত্যাকাণ্ডের শিকার হন সেই তরুণ। এনডিটিভির খবর।
এই সপ্তাহের শুরুতে স্কুলের একজন শিক্ষক কর্ণ নামে সেই যুবকের পচা মরদেহ খুঁজে পান।
তার তিন দিন পর, পুলিশ হত্যার পেছনের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে - আকাশ এবং শিব কুমার। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, তারা ২ এবং ৩ জুলাই রাতে স্কুলে প্রবেশ করেছিল - যার কারণ এখনও অজানা। এই সময়ে, পেশীবহুল দেহের অধিকারী কর্ণ আবারও দুই অভিযুক্তকে লজ্জা দেয়।
তার নিয়মিত কটূক্তিতে বিরক্ত হয়েই অভিযুক্তদের মধ্যে একজন প্রথমে একটি পাথর তুলে কর্ণকে আঘাত করে। এরপর অন্য অভিযুক্ত কাঁচি দিয়ে তাকে আক্রমণ করে।
তদন্ত কর্মকর্তারা জানান, দুজনেই কর্ণের মৃতদেহ স্কুলের ওয়াশরুমে ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃতদেহটি শনাক্ত করা তাদের জন্য কঠিন ছিল কারণ এটি পচতে শুরু করেছিল। তারা ঘটনাস্থল থেকে হত্যার অস্ত্র - একটি পাথর এবং কাঁচি - উদ্ধার করেছে।
পুলিশ আরো জানায়, ৪ আগস্ট একজন শিক্ষক স্কুলের ভেতরে রক্তের দাগ দেখতে পান। এরপরই মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই অভিযুক্ত বর্তমানে রিমান্ডে রয়েছে।
সুলতানা দিনা/