এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পাওয়া যাবে। মঙ্গলবার (১৯ আগস্ট) ট্রাম্পের একটি ভিডিওর মাধ্যমে হোয়াইট হাউজ ট্রাম্পের নতুন অ্যাকাউন্টটি প্রকাশ করে। রয়টার্সের খবর।
@হোয়াইট হাউজ (@white house) নামের এই অ্যাকাউন্টের প্রথম ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি আপনাদের কণ্ঠস্বর (আই অ্যাম ইওর ভয়েস)। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আমরা ফিরে এসেছি আমেরিকা। টিকটকের কী অবস্থা?’
যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। ফলে এই মাধ্যম ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টের কথাবার্তা প্রচারে নতুন মাত্রা যুক্ত হবে।
অ্যাপটির প্রতি ট্রাম্পের নিজেরও কিছুটা বাড়তি গুরুত্ব বহন করে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে টপকে তরুণ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনমত বৃদ্ধিতে টিকটকের স্বল্পদৈর্ঘ্য ভিডিওর ব্যাপক ব্যবহার করেছিল রিপাবলিকান শিবির। @real donald trump নামের ওই অ্যাকাউন্টটি অবশ্য ট্রাম্পের প্রেসিডেনশিয়াল অ্যাকাউন্ট ছিল না।
নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্পের টিকটক অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গিয়েছিল। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে যথেষ্ট সক্রিয় থাকেন। তবে একদম মাঝেমধ্যে এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেন ট্রাম্প।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, মার্কিন জনগণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের যত ঐতিহাসিক সাফল্য আছে, তার সবই প্রচার করতে কাজ করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এজন্য সর্বোচ্চ সংখ্যক জনগণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হবে।
অন্যদিকে, টিকটক নিয়ে মার্কিন আইনপ্রণেতারা সবসময়ই সন্দেহবাতিকগ্রস্ত ছিলেন। তাদের আশঙ্কা, এই অ্যাপ ব্যবহার করে মার্কিন নাগরিকদের সংবেদনশীল তথ্য সহজেই হাতিয়ে নিতে পারছে চীন।
সুলতানা দিনা/