যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে টাইলেনল ও ভ্যাকসিনকে অটিজম বৃদ্ধির সঙ্গে যুক্ত বলে বিতর্কিত দাবি তুলেছেন। এদিন গর্ভাবস্থায় নারীদের ব্যথানাশক টাইলেনল ওষুধ খাওয়া নিয়েও সতর্ক করেন তিনি।
যদিও এসব বিষয়ে আগে থেকেই চিকিৎসা বিশেষজ্ঞরা বারবার প্রমাণের অভাব দেখিয়ে দাবিগুলোকে ‘ভ্রান্ত’ বা ‘অসত্য’ বলে বাতিল করেছেন। তারপরও সোমবার (২২ সেপ্টেম্বর) কোনো ধরনের বিজ্ঞানসম্মত প্রমাণ ছাড়াই ট্রাম্প স্বাস্থ্যবিষয়ক এসব পরামর্শ দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প অন্তঃসত্ত্বা নারী ও ছোট শিশুদের অভিভাবকদের উদ্দেশ করে চিকিৎসা-সংক্রান্ত এসব পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প অন্তঃসত্ত্বা নারীদের ‘টাইলেনল খাবেন না’ বলে সতর্ক করেন। এছাড়া মায়েদের উদ্দেশ্যে নবজাতকদেরও ওষুধটি (জেনেরিক নাম অ্যাসিটামিনোফেন) না দেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি ভ্যাকসিনের উপাদান বা একাধিক টিকা দেওয়ার সময়সূচি অটিজম বৃদ্ধির কারণ হতে পারে বলে দাবি করেন, যদিও তিনি কোনো চিকিৎসা-প্রমাণ হাজির করতে পারেননি।
তিনি এমন সময় এসব কথা বললেন যখন, ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ আন্দোলন অটিজমের কারণ অনুসন্ধানের দাবি জোরালো করেছে। এ আন্দোলনের পেছনে রয়েছেন স্বাস্থ্য সচিব রবার্ট কেনেডি জুনিয়রের সমর্থকরা, যাদের মধ্যে বেশ কিছু ভ্যাকসিনবিরোধী কর্মীও আছেন।
ঘোষণাটি ট্রাম্পের অটিজম নিয়ে দীর্ঘদিনের আগ্রহ এবং শিশুদের ভ্যাকসিন সূচি নিয়ে সংশয়ের দিকটিও সামনে এনেছে। যদিও একই সময়ে তিনি তার প্রথম মেয়াদে কোভিড-১৯ ভ্যাকসিন দ্রুত ছড়িয়ে দেওয়ার সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করে আসছেন।
সুলতানা দিনা/