রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের উদ্দেশ্যে পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করা হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে পোল্যান্ড।
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইউক্রেন থেকে শত শত শিশু অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যদিও ক্রেমলিন এ অভিযোগ অস্বীকার করেছে, আদালতের সদস্য রাষ্ট্র হিসেবে পোল্যান্ডের বাধ্যবাধকতা আছে বলে দাবি করে দেশটি। দেশটি জানায়, পুতিন তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করে হেগে পাঠাতে হবে।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোসওয়াফ সিকোরস্কি রেডিও রোজিনাকে বলেন, “আমি নিশ্চয়তা দিতে পারছি না যে, স্বাধীন পোলিশ আদালত সরকারকে নির্দেশ দেবে না ওই বিমানের যাত্রা থামিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হেগে হস্তান্তর করতে।”
তিনি আরও বলেন, “যদি এই সম্মেলন সত্যিই হয়, যেখানে আগ্রাসনের শিকার দেশও অংশ নেবে, তবে বিমানের অন্য কোনো পথ ব্যবহার করাই নিরাপদ।”
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে একটি সম্মেলন আয়োজন করতে চান, যার লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো।
অন্যদিকে, বুলগেরিয়া ইঙ্গিত দিয়েছে যে, শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হলে তারা পুতিনকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ জর্জিয়েভকে উদ্ধৃত করে বুলগেরিয়ান নিউজ এজেন্সি বিটিকিউ জানায়, “যদি শান্তির প্রচেষ্টা থাকে, তাহলে সব পক্ষেরই সহযোগিতা করা উচিত।”
বুদাপেস্টে যেতে পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশের আকাশসীমা অতিক্রম করতে হবে, যেগুলো সকলেই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য। তবে হাঙ্গেরি বর্তমানে আদালত থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
এদিকে, ট্রাম্প-পুতিন সম্মেলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প বলেছেন, বৈঠকটি কয়েক সপ্তাহের মধ্যেই হবে, কিন্তু ক্রেমলিন জানিয়েছে, “এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি।” সূত্র: ডিডব্লিউ
মাহফুজ/