মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে সেই ইরানের সেই পরিকল্পনা ভেস্তে যায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
ইসরায়েল জানিয়েছে, মেক্সিকান কর্তৃপক্ষ দেশটির রাষ্ট্রদূত আইনাত ক্রানজ-নেইগারকে হত্যার প্রচেষ্টা বন্ধ করতে হস্তক্ষেপ করেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “ইরান পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ককে ব্যর্থ করার জন্য আমরা মেক্সিকোর নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে ধন্যবাদ জানাই , যারা মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতের উপর হামলার চেষ্টা করেছিল।”
এদিকে, শুক্রবার (৭ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তা জানান, বর্তমানে এই পরিকল্পনা আর বাস্তবায়ন করার সুযোগ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রানজ নাইগারকে লক্ষ্য করে এই পরিকল্পনা শুরু হয়েছিল গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত তা সক্রিয় ছিল। ষড়যন্ত্রটি ভেস্তে গেছে এবং এটি এখন কোনও হুমকি সৃষ্টি করছে না।
তিনি আরও বলেন, এটি ইরানের দীর্ঘদিনের বৈশ্বিক নীতি। তারা কূটনীতিক, সাংবাদিক, ভিন্নমতাবলম্বী এবং সমালোচকদের হত্যার পরিকল্পনা করে। এটি এমন এক প্রবণতা, যা যেকোনও দেশের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।
তবে মার্কিন কর্মকর্তা কীভাবে ষড়যন্ত্রটি ব্যর্থ করা হয়েছে বা এর সঙ্গে কারা জড়িত ছিল এ সম্পর্কে বিস্তারিত জানাননি।
যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ এর আগেও বহুবার অভিযোগ করেছে যে, ইরান ও তার ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো বিদেশে তেহরানবিরোধী ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করে আসছে।
গত বছর ব্রিটেন ও সুইডেনের গোয়েন্দা সংস্থা জানায়, তেহরান ওই দেশগুলোতে অপরাধী চক্রকে ব্যবহার করে হামলার চেষ্টা চালিয়েছিল।
ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের পর থেকে ইরান-সম্পর্কিত ২০টি ষড়যন্ত্র তারা ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে আরও এক ডজন দেশ ইরানি গোয়েন্দা সংস্থার অপহরণ, হয়রানি ও হত্যাচেষ্টার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫-এর মহাপরিচালক কেন ম্যাককালাম গত মাসে জানান, ইরান বিশ্বের বিভিন্ন দেশে ভিন্নমতাবলম্বীদের মুখ বন্ধ করাতে মরিয়া হয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়া সম্প্রতি ইরানের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। দেশটি ইহুদিবিরোধী ষড়যন্ত্র এবং নেদারল্যান্ডস একটি ব্যর্থ হত্যাচেষ্টার প্রতিবেদন প্রকাশ করেছে।
সুলতানা দিনা/