এইতো কিছুদিন হলো ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্কের মেয়র ইলেক্ট জোহরান মামদানির দেখা হয়েছে। গত সপ্তাহের সেই সংবাদ সম্মেলন থেকে তাদের কথোপকথন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যারা আগে গণমাধ্যমের উপস্থিতিতেই একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে কথা বলতেন।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এদিন একে অপরের প্রশংসায় মুখর হয়ে ওঠেন সম্পূর্ণ বিপরীত মেরুর এই দুই নেতা। বৈঠকে আমেরিকার জনবহুল শহর নিউইয়র্ক সিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তারা।
তবে এবার সব কিছু ছাপিয়ে আলোচনার ঝড় উঠেছে ট্রাম্পের নতুন ভাইরাল শীতের পোশাক নিয়ে।
গত রবিবার (২৩ নভেম্বর) মিডিয়ার সামনে ব্রিফ দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় তিনি পরেছিলেন মেরুন রঙের হাই-নেক সোয়েটার, সঙ্গে কালো ওভারকোট। সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে বের করে ফেললেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির একটি পুরোনো ছবি, যেখানে তাকেও একই রকম সাজে দেখা যায়। শুধু পার্থক্য, মামদানি ওভারকোট নয়, কালো ব্লেজার পরেছিলেন।
সামাজিক মাধ্যমে তো সাধারণত মানুষ এমনিতেই সেলিব্রিটি বা রাজনীতিককে নিয়ে মজা করে মন্তব্য করার সুযোগ পেলে তা হাতছাড়া করেন না। এবারও হয়েছে তাই।
একজন মজা করে লিখেছেন, ‘এটাকে বলে “দ্য মামদানি। ” ট্রাম্প তার ক্রাশকে ইমপ্রেস করতে সাজসজ্জা করেছে। বেশ উত্তেজিত দেখাচ্ছিল।’
আরেক ব্যবহারকারী মামদানির ছবি শেয়ার করে লিখেন, ‘অবিশ্বাস্য, তিনি (ট্রাম্প) সত্যিই লুকটা কপি করেছেন!’ নিকো উইনথার মন্তব্য করেছেন, ‘দুজনকেই ভালো লাগছে। আমিও এই লুক চুরি করব।’
আরেকজন দ্য অফিস সিটকমের একটি ছবি দিয়ে লিখলেন, ‘একই অনুভূতি।’ এক ব্যবহারকারী আবার মনে করিয়ে দিলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্টাইলই ছিল সেরা।
এর আগে, দুই রাজনীতিকের বৈঠকে ট্রাম্প বলেন, তিনি নিউইয়র্ক সিটিকে আবার দুর্দান্ত হয়ে উঠতে দেখতে চান। জোহরান মামদানি জানান, শহরটিকে নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী রাখতে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে তিনি উন্মুখ আছেন।
সুলতানা দিনা/