ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির একটি প্রত্যন্ত দ্বীপ দখল করে পুরুষদের হত্যা এবং নারী ও শিশুদের যৌন নির্যাতনের ষড়যন্ত্রের অভিযোগে টেক্সাসের দুই ব্যক্তির বিরুদ্ধে মার্কিন ফেডারেল চার্জ গঠন করা হয়েছে।
টেক্সাসের ডালাস এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী গ্যাভিন রিভার্স উইজেনবার্গ এবং ২০ বছর বয়সী ট্যানার ক্রিস্টোফার থমাস এর বিরুদ্ধে বিদেশে হত্যা, অঙ্গহানি বা অপহরণের ষড়যন্ত্রের অভিযোগ এনে গত বৃহস্পতিবার চার্জশিট দাখিল করেছে টেক্সাসের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস।
এছাড়াও, তারা দু’জনেই এক নাবালককে যৌন সুস্পষ্ট কার্যকলাপে প্ররোচিত করার অভিযোগে শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগেরও সম্মুখীন হয়েছেন।
গনয়াভ দ্বীপ দখলের পরিকল্পনা
আদালতের নথি অনুযায়ী, অভিযুক্তরা সশস্ত্র শক্তি ব্যবহার করে হাইতির প্রায় ৮৭ হাজার বাসিন্দার বাসস্থান গনয়াভ দ্বীপ (Gonâve Island) দখল করার পরিকল্পনা করেছিল। এর জন্য তারা ওয়াশিংটন এলাকা থেকে গৃহহীন মানুষদের তাদের অভ্যুত্থান প্রচেষ্টায় নিয়োগ করার পরিকল্পনা করে এবং একটি পালতোলা নৌকা কেনারও ছক কষে।
অভিযোগে বলা হয়েছে, একবার দ্বীপে পৌঁছানোর পর তাদের পরিকল্পনা ছিল সব পুরুষকে হত্যা করা এবং ‘নারী ও শিশুদের যৌন দাসী হিসেবে ব্যবহার করা।’
গনয়াভ দ্বীপটি প্রায় ৭৫১ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং হিস্পানিওলাকে ঘিরে থাকা দ্বীপগুলির মধ্যে এটি বৃহত্তম। বর্তমানে দ্বীপটি চরম দারিদ্র্য, জলের অভাব এবং হাইতির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নতার শিকার।
গত শুক্রবার দুই অভিযুক্তের আইনজীবীরা জানিয়েছেন যে তাদের মক্কেলরা নির্দোষ বলে দাবি করবেন।
থমাসের প্রতিনিধিত্বকারী আইনজীবী জন হেলমস বলেন, তারা এর কিছুই করার চেষ্টা করেনি। হেলমস মনে করেন, এই ধরনের একটি পরিকল্পনা কার্যকর করার প্রকৃত উদ্দেশ্য প্রমাণ করতে প্রসিকিউটরদের বেগ পেতে হবে। উইজেনবার্গের আইনজীবী ডেভিড ফিনও এ বিষয়ে দ্রুত রায় দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, এই দুই ব্যক্তি আগস্ট ২০২৪ থেকে জুলাই পর্যন্ত তাদের ষড়যন্ত্রের ওপর কাজ করেছে। প্রস্তুতির অংশ হিসেবে তারা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গবেষণা করেছে এবং সামরিক ধাঁচের রাইফেল কেনার পরিকল্পনা করেছে। প্রসিকিউটরদের দাবি, তারা হাইতিয়ান ক্রেওল ভাষা শেখারও চেষ্টা করেছিল।
উইজেনবার্গ নাকি হামলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে ডালাসের কাছে একটি ফায়ার একাডেমিতে ভর্তি হয়েছিল, কিন্তু কোর্সটি শেষ করতে পারেনি। এরপর তিনি পালতোলা শেখার উদ্দেশ্যে থাইল্যান্ডে গেলেও খরচের কারণে কোর্সে ভর্তি হননি।
অন্যদিকে, থমাস জানুয়ারিতে মার্কিন বিমান বাহিনীর তালিকাভুক্ত হন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উইজেনবার্গকে জানান যে তারা যে হামলার পরিকল্পনা করছে, তা এগিয়ে নিতেই তিনি সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন।
প্রসিকিউটরদের অভিযোগ, থমাস চাকুরিরত অবস্থায় ওয়াশিংটনে গৃহহীনদের নিয়োগে সহায়তা করার জন্য তার পোস্টিং মেরিল্যান্ডের অ্যান্ড্রুস এয়ার বেসে পরিবর্তন করেন।
মার্কিন বিমান বাহিনীর বিশেষ তদন্ত অফিসও এই মামলার তদন্তকারী সংস্থাগুলির মধ্যে ছিল।
অভিযুক্তরা শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং ষড়যন্ত্রের অভিযোগে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
মাহফুজ/