আজ শুক্রবার সকালে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভকারীদের ‘একদল বিশৃঙ্খলাকারী’ হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, তারা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে।
জাতীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও ভাষণে খামেনি বলেন, ‘‘তেহরানসহ বিভিন্ন স্থানে একদল বিশৃঙ্খলাকারী রাস্তায় নেমেছে। তারা কেবল মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য নিজের দেশেরই ঘরবাড়ি ও ভবন ধ্বংস করছে।’’
তিনি আরও বলেন, ‘‘এর কারণ হলো, তিনি (ট্রাম্প) একটি অযৌক্তিক দাবি করেছেন যে তিনি আপনাদের মতো দাঙ্গাবাজ এবং দেশের জন্য ক্ষতিকর ব্যক্তিদের সমর্থন করেন। তার যদি এতই ক্ষমতা থাকে, তবে নিজের দেশ চালানো উচিত।’’
১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা এই ইরানি নেতা আরও যোগ করেন যে, ‘‘ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে শহিদ হওয়া এক হাজারেরও বেশি ইরানির রক্তে ট্রাম্পের হাত রঞ্জিত।’’
খামেনি বলেন, ‘‘একদল অনভিজ্ঞ ও অসতর্ক লোক তাকে বিশ্বাস করছে এবং তার ইচ্ছা অনুযায়ী কাজ করছে। তাকে খুশি করার জন্য তারা ময়লার ঝুড়িতেও আগুন লাগিয়ে দিচ্ছে।’’
সবশেষে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘‘সবাই জেনে রাখুক যে, লাখো মানুষের রক্তের বিনিময়ে এই ইসলামি প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে। যারা এই সত্য অস্বীকার করে, তাদের সামনে ইরান কখনো মাথা নত করবে না।’’
প্রসঙ্গ, ট্রাম্প দীর্ঘদিন ধরেই বর্তমান ইরান সরকারের কট্টর বিরোধী। তিনি অঙ্গীকার করেছেন যে, বিক্ষোভে যদি সাধারণ মানুষকে হত্যা করা হয়, তবে যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে। সূত্র: বিবিসি
মাহফুজ/