মেক্সিকাের নিরাপত্তা বাহিনী দেশের অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠনের নেতৃত্বদানকারী মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেসকে হত্যা করেছে। এর জেরে পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোসহ বেশ কয়েকটি এলাকায় সহিংসতা শুরু হয়েছে।
মেক্সিকান জাতীয় প্রতিরক্ষা সচিবালয় জানায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত। পরে তাকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
এল মেনচোর মাথার দাম ছিল ১ কোটি ৫০ লাখ ডলার।
মেক্সিকােতে এই অভিযানের পর সহিংসতার ঢেউ শুরু হয়। বন্দুকধারীরা জালিসকো, কোলিমা, মিচোয়াকান, নায়ারিট, গুয়ানাজুয়াতো এবং তামাউলিপাস-সহ অর্ধডজনেরও বেশি রাজ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে।
এর ফলে আসন্ন ফিফা বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত জালিস্কোর রাজধানী গুয়াদালাজারা রবিবার রাতে একটি ভূতের শহরে পরিণত হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পর্যটক শহর পুয়ের্তো ভাল্লার্তার উপর দিয়ে ধোঁয়া উড়ছে এবং আতঙ্কে লোকজন গুয়াদালাজারা বিমানবন্দর দিয়ে ছুটে যাচ্ছেন।
জালিস্কোর গভর্নর পাবলো লেমাস বাসিন্দাদের বাড়িতে থাকতে বলেছেন এবং গণপরিবহন স্থগিত করেছেন।
সোমবার বেশ কয়েকটি রাজ্যে স্কুল বাতিল করা হয়েছে।
মেক্সিকাের প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এক্সে এক পোস্টে দেশের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। - আল-জাজিরা
অমিয়/