পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশির হোয়াটসঅ্যাপ নির্দেশিকা ঘিরে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উত্তর দিনাজপুরের ইসলামপুরে একটি জনসভা থেকে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ জানান। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেবল তৃণমূল নেতাদের গাড়ি কেন তল্লাশি করা হবে? সমানভাবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি নেতাদের গাড়ি কেন পরীক্ষা করা হবে না?
পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন আগামী ২৩ ও ২৯ এপ্রিল। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। গতকাল বুধবার ইসলামপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভা থেকে গাড়ি তল্লাশি নিয়ে বিস্ফোরক সব অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তৃণমূল দাবি করে, কমিশনের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীসহ তৃণমূলের সব নেতার গাড়ি পুঙ্খানুপুঙ্খ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দমদম বিমানবন্দরে আজ (বুধবার) কেন্দ্রীয় বাহিনী আমার গাড়ির কাছেও এসেছিল। আমি তাদের বলেছি, তল্লাশি করো। আমি চাই আমার গাড়ি তল্লাশি করা হোক।’ এর পরই তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘তৃণমূলের সব নেতার গাড়ি যদি পরীক্ষা করা হয়, তবে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কেন বাদ যাবে? সিআরপিএফ বা বিজেপির গাড়িগুলো কেন তল্লাশি হবে না? এভাবে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব?’
কেন্দ্রীয় শাসক দলকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি নেতারা বাইরে থেকে টাকা নিয়ে আসছেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে করে কী কী আনা হয়, তা অজানা নয় বলেও দাবি করেন তিনি। কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, ‘যদি সাহস থাকে, তবে প্রতিদিন আমার গাড়ি তল্লাশি করুন। আমি খুশি হব। আমি বিজেপির মতো চোর বা ডাকাত নই। আমি রাজনীতি করি এবং সরকারের থেকে এক পয়সা বেতনও নিই না।’
উল্লেখ্য, তৃণমূলের দাবি অনুযায়ী, কমিশনের একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে অভিষেকের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই তৃণমূলের প্রায় সব প্রথম সারির নেতার গাড়ি তল্লাশির তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দেন, শুধু একটি বিশেষ দলকে লক্ষ্য করে এই ধরনের তল্লাশি চালানো রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন প্রক্রিয়া কি শুধু বিরোধীদের হেনস্তা করার মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে?
কমিশনে লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের
‘দলের নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর হোয়াটসঅ্যাপ-নির্দেশের’ বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে তৃণমূল। দলের তরফে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনি কর্মকর্তা (সিইও) মনোজ আগরওয়ালের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের বাকি নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। সূত্র: আনন্দবাজার