মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি ইরানকে লক্ষ্য করে সামরিক শক্তি প্রদর্শনের নানা ছবি ও ভিডিও শেয়ার করে যাচ্ছেন।
কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রাম্প ২০টিরও বেশি পোস্ট দেন। এর মধ্যে একটি ছবিতে ইরানের মানচিত্রের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো ছিল এবং চারদিক থেকে দেশটির দিকে তীরচিহ্ন নির্দেশ করতে দেখা যায়।
আরেকটি এআই-নির্মিত ছবিতে মার্কিন ড্রোনকে ইরানের দ্রুতগামী নৌযানে হামলা চালাতে দেখা যায়।
এ ছাড়া ট্রাম্প একটি ভিডিও পোস্ট করেন, যেখানে একটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে ইরানি বিমান লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। ভিডিওটির পাশে থাকা নিজের একটি ছোট ক্লিপে তাকে বলতে শোনা যায়, ‘ফায়ার, বুম’।
তিনি আরও একটি ‘স্পেস ফোর্স’ শিরোনামের ছবি পোস্ট করেন, যেখানে তাকে মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করতে দেখা যায়।
অন্য একটি ছবিতে ট্রাম্পকে একটি মহাকাশযানের ‘কিল বাটন’ চাপতে দেখা যায়, যার পেছনের স্ক্রিনে ক্ষেপণাস্ত্র হামলা ও পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য প্রদর্শিত হচ্ছিল।
এর আগে ট্রাম্প ইরানকে দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, ‘ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন মাত্রা পায়। এই সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।
এদিকে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। তবে তেহরান এখনো নিজেদের শর্তে সমঝোতার অবস্থানে অনড় থাকায় কূটনৈতিক সমাধান অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্র: এনডিটিভি
অমিয়/