আমরা কি সত্যিই বাস্তব জগতে বাস করছি, নাকি একটি সিমুলেশনের ভেতর দিয়ে চলছি? বহুদিন ধরেই দার্শনিক ও বিজ্ঞানীদের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার নতুন করে আলোচনায় এনেছেন ব্রিটেনের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের বিজ্ঞানী মেলভিন ভপসন। তার দাবি, তিনি এমন প্রমাণ পেয়েছেন যা মহাবিশ্বকে সিমুলেশন হিসেবে ব্যাখ্যা করতে পারে।
ভপসনের গবেষণা ঘুরছে “ইনফোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র” নামের একটি নতুন ধারণাকে ঘিরে।
পদার্থবিজ্ঞানের দ্বিতীয় সূত্র অনুযায়ী, যেকোনো বন্ধ সিস্টেমে বিশৃঙ্খলা বা এনট্রপি কেবল বাড়ে বা অপরিবর্তিত থাকে, কখনো কমে না। কিন্তু তথ্য ব্যবস্থার ক্ষেত্রে তিনি উল্টো চিত্র দেখেছেন। এখানে এনট্রপি অনেক সময় স্থির থাকে, আবার অনেক সময় কমেও যায়।
তার ব্যাখ্যা হলো:
মহাবিশ্বে এমন এক স্বয়ংক্রিয় ব্যবস্থা কাজ করছে যা তথ্যকে সংকুচিত ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখে। ঠিক যেমন কম্পিউটার সিস্টেমে ডেটা সংরক্ষণের সময় সংকোচন প্রযুক্তি ব্যবহার করা হয়।
ভপসনের মতে, মহাবিশ্ব যদি সত্যিই একটি সিমুলেশন হয়ে থাকে, তবে এটিকে টিকিয়ে রাখতে এমন তথ্য সংকোচন একেবারেই অপরিহার্য।
তিনি দাবি করেন, এই সূত্র শুধু মহাবিশ্বের বিস্তৃতি নয়, পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে জীববৈজ্ঞানিক প্রক্রিয়াতেও কাজ করছে। উদাহরণ হিসেবে তিনি কোভিড-১৯ ভাইরাসের জিনগত পরিবর্তনের কথা তুলে ধরেন। তার বিশ্লেষণে দেখা গেছে, ভাইরাসটির পরিবর্তনগুলো এলোমেলোভাবে ঘটছে না; বরং তথ্যের বিশৃঙ্খলা কমানোর দিকেই এগোচ্ছে।
তার মতে, এগুলোই প্রমাণ করে আমাদের মহাবিশ্ব এক সিমুলেশনের ভেতর চলছে। তবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক মহল এখনই তার এ দাবি মেনে নিতে রাজি নয়। বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে আরও কঠোর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই দরকার।
ফলে প্লেটোর সময় থেকে যে প্রশ্ন মানুষের মনে ঘুরছে— আমরা কি বাস্তবতার জগতে আছি, নাকি এক সুশৃঙ্খল সিমুলেশনে বন্দি?—সেটির জবাব এখনও অধরা রয়ে গেল। সূত্র: ইয়াহু


