গণমাধ্যমকর্মীদের দিন শুরু হয় সাতসকালে; সারাবেলা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে তথ্য সংগ্রহ করতে হয় তাদের। সেই তথ্য যাচাই-বাছাই, পূর্ণাঙ্গ সংবাদ উপস্থাপনের কাজে গভীর রাত পর্যন্ত তাদের থাকতে হয় বার্তাকক্ষে। প্রতিদিনের এ ব্যস্ত সূচিতে তাদের অনেকেই সঠিক সময়ে খাবার খান না। শারীরিক ও মানসিক নানা অসুস্থতার মধ্যেও তাদের কাজ চালিয়ে যেতে হয়।
তাই গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে খবরের কাগজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প। ক্যাম্পের হেলথ পার্টনার হিসেবে ছিল এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়াগোনস্টিক সেন্টার এবং সার্বিক সহযোগিতা করেছে পুষ্টিবিদ ফাউন্ডেশন।
সোমবার (১১ আগস্ট) ছিল সেই ক্যাম্পের শেষ দিন। খবরের কাগজের এই আয়োজনে রাজধানীর বিভিন্ন হাসপাতালের পুষ্টিবিদরা যোগ দিয়েছিলেন।
বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা খবরের কাগজের কর্মীদের জানান, সুষম খাদ্যাভাসেই নিশ্চিত হবে স্বাস্থ্য সুরক্ষা। প্রতিদিনের খাদ্য তালিকায় কী ধরনের খাবার অন্তর্ভুক্ত করতে হবে; কোন খাবার কোন বেলা খেতে হবে আর তাতে আমিষ-শর্করার পরিমাণ কেমন থাকবে, কতটা সময় ঘুমাতে হবে- তা নিয়ে বিস্তর পরামর্শ দেন পুষ্টিবিদরা। খবরের কাগজের কর্মীরাও স্বাস্থ্য সুরক্ষা প্রসঙ্গে পুষ্টিবিদদের নানা প্রশ্ন করেন। খবরের কাগজের কর্মীদের স্ত্রী ও সন্তানরাও পুষ্টিবিদদের কাছে স্বাস্থ্য সুরক্ষার নানা পরামর্শ নিয়েছেন।
এই ক্যাম্পে রবিবার (১০ আগস্ট) স্বাস্থ্য সেবা পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ফারজানা রহমান, সৈয়দা শারমিন আক্তার, শামীম আরা, প্রীতি ইসলাম, সিরাজাম মুনিরা, রেবেকা সুলতানা, সাইকা বিনতে সাইদ, আয়েশা আক্তার স্বর্ণা, সুরাইয়া ইয়াসমিন নিপা, তাহিয়া হক।
নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট শামীম আরা খবরের কাগজকে বলেন, ‘এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক ক্যাম্পেইন করলেও কোনো করপোরেট হাউজে এই প্রথম আমি পরামর্শ দিতে এসেছি। আমরা খবরের কাগজের কর্মীদের বোঝাতে সক্ষম হয়েছি যে খাদ্যাভাসে পরিবর্তন আনা কত জরুরি। তাদের বলেছি, খাদ্যাভাসে অনিয়মের কারণে তারা স্বাস্থ্যগত নানা সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছেন তারা। অনেক সময় মানসিক চাপেও ভুগেন তারা। আমরা বলেছি, সঠিকভাবে পুষ্টিকর খাবার খেলে তারা যে সুস্থ থাকবেন, কর্মক্ষেত্রেও চাঙ্গা থাকবেন।’ দুদিনের এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খবরের কাগজের ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন প্রধান আতিয়া সুলতানা।
জয়ন্ত/মেহেদী/