মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসানের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উৎসবমুখর পরিবেশেই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটকেন্দ্রে যাবেন এবং স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। সারা দেশে এখন নির্বাচনী উৎসব শুরু হয়েছে। মানুষ চান শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। তাই তারা ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করেছেন।’
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আব্দুল মোমেন বলেন, ‘আমি প্রচুর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আরও অনেক কিছু করার আছে। অনেক প্রকল্পের কাজ চলছে। সেগুলো বাস্তবায়নের জন্য সিলেটবাসী অতীতের মতো আবারও আমাকে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বা দিচ্ছেন; দলের জন্য ত্যাগ স্বীকারকারী নেতারা তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলেই আমি মনে করি। তারা আবার নৌকা প্রার্থীদের জয় নিশ্চিতে নির্বাচনী মাঠ থাকবেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে দারুণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো সমস্যা নেই। যারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান, সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে আসুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।’