নদীর পানি দূষণমুক্ত ও প্রবাহ স্বাভাবিক রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, কৃষি নির্ভর বাংলাদেশে নদীর গুরুত্ব অপরিসীম। কারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য ও কীটনাশক ব্যবহারের কারণে নদী যেমন দূষিত হচ্ছে, তেমনি অবৈধ বালু উত্তোলন ও নদী শাসনের কারণে স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবেশ আমাদের মূল্যবান সম্পদ। অপরিকল্পিত ইটভাটা ও শিল্পকারখানা মাটি, পানি ও বাতাসকে দূষিত করছে যা পরিবেশের ওপর বিরুপ প্রভাব ফেলছে। পরিবেশ দূষণের ফলে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক।
নিরাপদ খাদ্য প্রসঙ্গে তিনি বলেন, কৃষি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার নিরাপদ খাদ্যের জন্য হুমকিস্বরূপ। এজন্য খাদ্য উৎপাদনে কৃষি জমিতে জৈব সার ও পরিমিত কীটনাশক ব্যবহারে কৃষকদের সচেতন করতে হবে।
ইকো ট্যুরিজম প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা বলেন, উত্তরাঞ্চলে ইকো ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে ও পরিবেশে উপর বিরূপ প্রভাব ফেলে। পলিথিন ব্যবহার নিষিদ্ধ ও কারখানা বন্ধে জোরালো অভিযান চালানো জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
স্বরাষ্ট মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার এ্যাডভোকেট এহসানুল হক সমাজী প্রমুখ।
সূত্র: বাসস
সিফাত/